
শেষ আপডেট: 10 April 2022 17:43
দ্য ওয়াল ব্যুরো: রোগীমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়া জেলা হাসপাতালে (Howrah Hospital)। চিকিৎসার গাফিলতির অভিযোগে চিকিৎসকদের মারধর করা হয়, এমন অভিযোগে গ্রেফতার ওই রোগীর ছেলে। ধৃতের নাম রোহিত দে।
জানা গেছে, গত বৃহস্পতিবার কিডনির সমস্যা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে (Howrah Hospital) ভর্তি হন লিলুয়ার বাসিন্দা কার্তিক দে। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, এর পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওয়ার্ডে ঢুকে তাণ্ডব চালায় রোগী পরিবারের লোকজন। কার্তিকবাবুর ছেলে রোহিত দে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে তিনজন চিকিৎসককে মারধর করেছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ইসিজি মেশিন। নবারুণ মজুমদার নামে একজন চিকিৎসক গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়।
যদিও শনিবার আদালতে পেশ করার সময় অভিযুক্ত রোহিত দে জানায়, তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন চিকিৎসকরা। চিকিৎসা শুরু করতেও দেরি করেছিলেন। সে কারণে সে মারধর করেছে।
এদিকে এই ঘটনায় আজ নতুন করে উত্তেজনা ছড়ায়। ইচ্ছাকৃতভাবে রোহিতকে গ্রেফতার করার প্রতিবাদে মৃতদেহ নিতে অস্বীকার করে পরিবারের লোকেরা। পুলিশ এলে মৃতের পরিবারের সঙ্গে বচসা বেঁধে যায়।
হাসপাতালের (Howrah Hospital) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, চিকিৎকদের মারধর করা হয়েছে যেটা কাম্য নয়। পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু চিকিৎসক দুর্ব্যবহার করেছে সেটাও ঠিক নয়।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সহ সভাপতি সুজয় চক্রবর্তী জানান চিকিৎসকেরা রোগীদের দ্রুত সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন।তাই চিকিৎসক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।
বিজেপি নেতার গাড়ির কাচ ভেদ করে গুলি! উপনির্বাচনের আগে তপ্ত পাণ্ডবেশ্বর