
শেষ আপডেট: 13 March 2023 07:18
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ সি-র (Group C) চাকরি যাওয়া ৮৪২ জন (842 job lost) পাল্টা মামলার পথে হাঁটলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের (Kolkata Highcourt) দ্বারস্থ হলেন তাঁরা। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই মামলার অনুমতি দিয়েছে। শিগগির সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে হাইকোর্ট সূত্রে।
গত শুক্রবার গ্রুপ সি-র ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। সেই মর্মে শনিবার তালিকা প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে একাধিক তৃণমূল নেতানেত্রীর ছেলেমেয়ে, আত্মীয়স্বজনের নাম ছিল। মিনাখার তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডল থেকে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যা টুম্পা মেটের নাম ছিল ৮৪২ জনের তালিকায়।
এর আগে অবশ্য যাঁদের চাকরি গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাঁরা ডিভিশন বেঞ্চে গিয়ে সুরাহা পাননি। এমনকী সুপ্রিম কোর্টেও না। যদিও এই ৮৪২ জনের অনেকের ওএমআর শিটে দেখা গিয়েছে কেউ একটিও প্রশ্নের উত্তর দেননি আবার কেউ গোটা সাতেক প্রশ্নের উত্তর দিয়েই চাকরিতে ঢুকে পড়েছিলেন।
গ্রুপ সি-র ৮৪২ জনের ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এঁরা যেন কোনওভাবেই স্কুলে না প্রবেশ করতে পারেন। চাকরি যাওয়াদের অনেকের আবার দাবি, তাঁরা পরীক্ষা দিয়ে, পাশ করে, সমস্ত প্রক্রিয়া ডিঙিয়েই চাকরিতেযাওগ দিয়েছিলেন। এখন দেখার ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়।