দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার সালকিয়া বাঁধাঘাটে ভস্মীভূত হল একটি তুলোর গুদাম। বেলা একটা নাগাদ আগুন লাগে। তুলো-কাপড় প্রভৃতি দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গুদামের ভিতরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায়, প্রয়োজন থাকলেও বাড়তি ইঞ্জিন পাঠানো সম্ভব হয়নি।
ইঞ্জিনে থাকা জল শেষ হয়ে যাওয়ায় সাময়িক ভাবে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। গুদামের পাশেই গঙ্গা, কিন্তু গঙ্গা থেকে জল তুলতে গিয়ে একটি ইঞ্জিনের পাম্প খারাপ হয়ে যায়। আধ ঘণ্টা পরে অন্য পাম্প এনে ফের আগুন নেভানো শুরু হয়।
আগুন নেভানোর কাজে বার বার বিঘ্ন ঘটায় আগুন ছড়িয়ে পড়ে গুদামের সর্বত্র। ঘণ্টা দুয়েক পরে যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে গুদামের ভিতরে থাকা সব জিনিস পুড়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। গুদামের ভিতরে প্রচুর পরিমাণ তুলো ও কাপড় মজুত করা থাকলেও আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না।
বাঁধাঘাটের কাছে তুলোর বহু গুদাম আছে। গুদামগুলি বহু পুরনো, অনেক ক্ষেত্রেই আগুন নেভানোর ব্যবস্থা ঠিকমতো থাকে না। তাই এই এলাকায় তুলোর গুদামে আগুন লাগা নতুন কিছু নয়।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/