
শেষ আপডেট: 6 April 2023 06:08
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (cow smuggling case) ফের আবদুল লতিফকে (Abdul Latif) দিল্লি তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে খবর, এই মামলায় বেশকিছু নতুন তথ্য হাতে এসেছে, সেই তথ্য সামনে রেখেই আবদুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। বুধবার রাতে ইমেল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে নোটিস পাঠিয়েছে।
শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনায় নাম জড়িয়েছে আবদুলের। অভিযোগ, যেসময় খুন হন রাজু, সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। এমনকী আবদুলের গাড়িতেই দুর্গাপুর থেকে এসেছিলেন রাজু। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ আবদুলের নাগাল পায়নি।
এদিকে গরু পাচার মামলায় অন্যতম নাম আবদুল। এই মামলার সিবিআইয়ের চার্জশিটেও নাম রয়েছে তাঁর। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি তাঁকে জেরা করতে পারেনি। সিবিআই সূত্রে খবর, ফেরার ঘোষণা করা হতে পারে আবদুলকে। সেইমতো আদালতে আবেদনও করতে পারেন গোয়েন্দারা।
অন্যদিকে, ইডিও এই মামলায় একাধিকবার তলব করেছে আবদুলকে। সূত্রের খবর, রাজু খুনের ২ দিন আগেই তাঁকে দিল্লি ডেকেছিল ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন আবদুল। কিন্তু এবার ফের ইডি ডাকল তাঁকে। আগামী সপ্তাহের মধ্যেই হাজিরার নির্দেশ। এখন দেখার আবদুল দিল্লি যান কিনা।
হনুমান জয়ন্তীর আগে পুলিশে ছয়লাপ দিল্লির জাহাঙ্গীরপুরী! গতবছরের পুনরাবৃত্তি চায় না কেন্দ্র