
শেষ আপডেট: 28 August 2023 16:16
দ্য ওয়াল ব্যুরো: তরতাজা দুই ছেলে। সদ্য কৈশোর পেরোনো ১৯, কৈশোরের মাঝপথে ১৬। দু'জনেই এতদিন অবধি ছিল মায়ের সঙ্গে। খেয়েছে, ঘুমিয়েছে, ঝগড়াঝাঁটি করেছে, মায়ের সঙ্গে রাগারাগিও করেছে। কয়েকদিন আগেই ঘর ছেড়েছিল, উপার্জনের জন্য। কিন্তু কে জানত, রবিবার সকালের বিস্ফোরণ (Duttapukur Blast) শেষ করে দেবে সে সব কিছু!
আমজাদ শেখ আর ছোটন শেখ-- চোখের মণি দুই ছেলেকে (2 boys body) হারিয়ে ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন সুতি থানা এলাকার চাদরা গ্রামের বাসিন্দা, মা আনকরি বিবি। দত্তপুকুরের বিস্ফোরণের খবর যখন পেয়েছিলেন, তখনও জানতেন না, ছেলেদের ছিন্নভিন্ন দেহ দেখতে হবে। কারণ ছেলেরা যে বাজি কারখানায় কাজ করছে পেটের দায়ে, সেই ধারণাই ছিল না তাঁর!
বিস্ফোরণের পরে খবর পেয়েছিলেন, তাঁর ছেলেরা নিখোঁজ। তড়িঘড়ি পৌঁছনোর পরেও খোঁজ মেলেনি কারও। ধ্বংসস্তূপের রাশি সরিয়ে চলছে উদ্ধার কাজ। ভিড়ে ভিড়াক্কার গোটা এলাকা। পুলিশ ঘিরে রেখেছে চার পাশ।
তার মধ্যেই আজ, সোমবার ছোট ছেলেকে চিনেছিলেন, তার পরনে থাকা খাকি হাফপ্যান্ট দেখে। এর পরে বড় ছেলেকে চিনতে পারেন তার সবুজ রঙের টিশার্ট দেখে। এই জামাপ্যান্টগুলো যে মা-ই কিনে দিয়েছিলেন, সবসময় পরতেও দেখেছেন! কিন্তু ওই পোশাকটুকুই দেখার, চেনার। বাকি দেহ ঝলসানো। মুখ চেনা যায় না। বড় ছেলে আমজাদের দেহের নিম্নাংশই নেই! ছিটকে গিয়ে কত দূরে পড়েছে কেউ জানে না!
তার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন আনকরি। জাগলেই ডুকরে কেঁদে উঠছেন, নিজেকে দোষারোপ করছেন, কেন ছেলেদের কাজ করতে ছেড়েছিলেন বাইরে! তবে সেই কাজ যে বাজি কারখানায়, তা জানতেন না আনকরি। তাঁর মতো আরও কিছু পরিবারের কোনও ধারণা ছিল না, কোথায় কাজে যাচ্ছে ছেলেরা।
আনকরি বিবি এবং মুর্শিদাবাদের সুতির আরও কিছু বাসিন্দা ডানিয়েছেন, কিছু দিন আগেই চাদরা গ্রাম থেকে ১০ জন কাজের উদ্দেশে উত্তর চব্বিশ পরগনার বারাসতে গিয়েছিলেন। প্রত্যেকেই রাজমিস্ত্রির কাজে যোগ দিতে গেছিলেন, বাড়িতেও তেমনই জানত সকলে। মোহন শেখ নামে এক তৃণমূল নেতার নামও করছেন তাঁরা।
কিন্তু পরে নাকি বারাসতের দুই এজেন্টের মাধ্যমে মোটা টাকা মজুরির বিনিময়ে দত্তপুকুরের বাজি কারখানায় কাজে যোগ দেন ওই ১০ জনই! তাঁদের মধ্যেই ছিল আমজাদ ও ছোটন। তবে আনকরির অভিযোগ, ফোনে সেভাবে কথা বলত না ছেলেরা, বলত মালিকের বারণ আছে। বেতন বাবদও বিশেষ কিছু পায়নি বলেই জানিয়েছিল তারা। কে জানত, সব শেষ হয়ে যাবে এভাবে!
দত্তপুকুর বাজি কারখানার বিস্ফোরণ কাণ্ডে এখনও পর্যন্ত মুর্শিদাবাদের ছ’জনের দেহ শনাক্ত করেছে পুলিশ। সকলেই চাদরার বাসিন্দা। পরিজনরা দাবি করছেন, মোহন শেখ নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করলে কিছু তথ্য সামনে আসতে পারে।
দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে শিশু হতাহত ক’জন? জানতে চাইল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের