
শেষ আপডেট: 28 October 2020 18:30
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে ৩০ কোটিকে আগে করোনার টিকা দেওয়া হবে। তার জন্য প্রোটোকল তৈরি হয়েছে। রাজ্যে রাজ্যে সে প্রটোকল পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রের নির্দেশিকা মেনেই টিকাকরণ করতে হবে। যে বয়সের মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে তার তালিকাও তৈরি হচ্ছে। এর জন্য স্বাস্থ্যমন্ত্রক রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রক এই মুহূর্তে একটি ফরম্যাট তৈরি করছে যেখানে রাজ্যগুলি অগ্রাধিকারের ভিত্তিতে নামের তালিকা জমা দিতে হবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে তার একটা রূপরেখাও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
পেশা, বয়স ইত্যাদির ভিত্তিতে গুরুত্ব বুঝে চারটি ক্যাটেগরি করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রথমেই রয়েছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ডাক্তারি পড়ুয়ারা। সব মিলিয়ে প্রায় এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে আগে। দ্বিতীয়ত, পুলিশ, প্রশাসন, মিউনিসিপ্যালিটির কর্মী মিলিয়ে অন্তত ২ কোটি জনকে টিকা দেওয়ার তালিকা তৈরি হয়েছে। তৃতীয় ক্যাটেগরিতে রাখা রয়েছে ২৬ কোটি মানুষকে, যাদের বয়স ৫০ বছরের বেশি। চতুর্থ ক্যাটেগরিতে থাকবে কোমবির্ডিটির রোগীরা এবং ৫০ বছরের কম লোকজন যাদের পেশার জন্য বেশি মেলামেশা করার প্রয়োজন হয়। এই চার ক্যাটেগরিতে কারা থাকবেন তাদের তালিকা তৈরি করে নভেম্বরের মাঝামাঝি জমা করতে হবে কেন্দ্রকে। এই তালিকায় যাদের রাখা হবে তাদের আধার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র দিতে হবে রাজ্যগুলিকে।
কেন্দ্র জানিয়েছে, কাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কী পরিমাণ ডোজ বিতরণ করা হচ্ছে এবং টিকা সংরক্ষণের কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তার রিপোর্ট রাখতে অনলাইন ট্রেনিং মডিউল তৈরি হচ্ছে। ‘ইলেকট্রনিক ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক’ নামে এই ডিজিটাল প্ল্যাটফর্মে টিকার বিতরণ ও সংরক্ষণের সব তথ্য রেকর্ড করা থাকবে।
দেশে কোন টিকার বিতরণ কীভাবে হবে তা ঠিক করার জন্য ন্যাশনাল ভ্যাকসিন রেগুলেটরি কমিটির তরফে বিশেষজ্ঞ দল ঠিক করা হয়েছে। এই বিশেষজ্ঞ দলই ঠিক করবে কোন ভ্যাকসিনটি ব্যবহার যথার্থ হবে। এর পাশাপাশি এর বিতরণ কীভাবে হবে, টাও ঠিক করবেন এই কেন্দ্রীয় দলের বিশেষজ্ঞরা। এর জন্য কেন্দ্রীয় এই বিশেষজ্ঞ দল বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে।