
শেষ আপডেট: 2 November 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠানবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মা-মেয়ের। গুরুতর আহত স্বামীও। তাঁদের বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। তারপর সেটি আবার গিয়ে ধাক্কা মারে একটি টোটোতে। এই ঘটনায় ২ জনের মৃত্যু ছাড়াও টোটোতে থাকা কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের তল্লীগুড়ি এলাকাতে। মৃতরা হলেন জাবেদা বিবি (৩৭) এবং তাঁর মেয়ে খুশি বানু (১৯)। জানা গেছে, জাবেদা বিবি তাঁর স্বামী কাদের মিয়াঁর সঙ্গে বাইকে করে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। একই বাইকে ছিলেন মেয়ে খুশিও। জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় আচমকাই একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে তাঁদের বাইকে। ছিটকে পড়ে যান মা-মেয়ে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন কাদের।
এখানেই শেষ নয়। ওই অ্যাম্বুলেন্সটি বাইকে ধাক্কা মারার পর ফের একটি টোটোতে ধাক্কা মারে। চালক সহ টোটোয় থাকা লোকজনও আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। কাদের মিয়াঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টোটোর যাত্রীদেরও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।