
শেষ আপডেট: 5 April 2022 06:35
দ্য ওয়াল ব্যুরো: মেয়ে মাধ্যমিক পাশ করার পরেই বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছিলেন বাবা-মা। বিয়েও হয়ে যায়। যখন উচ্চমাধ্যমিক, তখন আসন্নপ্রসবা সেই মেয়ে। তাতে কী! ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েই (Child Birth) নার্সিংহোমের বিছানায় বসেই উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিল জয়নগরের দীপা সর্দার।
জয়নগর দু'নম্বর ব্লকের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের মোল্লারচকে বাড়ি দীপার। গত বছর ক্যানিংয়ের ট্যাংরাখালি এলাকার বাসিন্দা আদিত্য পাইকের সঙ্গে দীপার বিয়ে দেয় তার বাবা-মা। তবে পড়াশোনা যে ছাড়বে না সে কথা বলে নিয়েছিল নিমপীঠ সারদা আশ্রম বিদ্যামন্দিরের এই ছাত্রী। তাই বিয়ের পরেও সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসে পড়াশোনা চালিয়ে যায়। এ বছর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগেই গর্ভবতী হয়ে পড়ে ১৯ বছরের দীপা।
স্কুলকে জানানোর পরে বাড়িতেই তার পরীক্ষার ব্যবস্থা হয়। প্রথম পরীক্ষা বাড়িতে বসেই দেয়। কিন্তু ইংরেজি পরীক্ষার আগেই রবিবার রাতে প্রসব যন্ত্রণা ওঠে তার। তখন দীপাকে বাড়ির লোক জয়নগর-মজিলপুর পুরসভা এলাকায় ডাক্তার অশোক কান্ডারীর নার্সিংহোমে ভর্তি করেন। সেখানেই রাত সাড়ে ১২টায় সন্তানের জন্ম দেয় সে (Child Birth)।
সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। বেডে শুয়েই সেই পরীক্ষা দিল দীপা। অনন্যসাধারণ এই ঘটনায় মেয়ের মনের জোরকে কুর্নিশ করছেন সকলেই।