
শেষ আপডেট: 17 August 2023 08:35
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বেহাল রাস্তার জন্য আলিপুরদুয়ারে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত বাইকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গেল ৬ মাসের শিশু (Child Accidental Death) । বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায় আলিপুরদয়ারের (Aliporeduar) ৩১ নম্বর জাতীয় সড়কে। খবর পেতেই স্থানীয়রা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ, দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের ঘিরে রাত পর্যন্ত চলে বিক্ষোভ। ঘটনার দিন সকালে ওই রাস্তার বেহাল দশা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল গণসংগ্রাম কমিটির সদস্যরা। রাতেই এই ঘটনা ঘটায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। কমিটির সদস্যরা জানিয়েছেন, রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছিল। রাতেই তাঁদের আশঙ্কা সত্যি হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।
আরও পড়ুন: যাদবপুরে যাচ্ছেন শুভেন্দু, মৃত পড়ুয়ার বাড়িও যাবেন শুক্রবার