
শেষ আপডেট: 25 August 2022 11:28
দ্য ওয়াল ব্যুরো: রাতারাতি গরু লোপাট! সন্ধেয় গোয়ালে ঢুকিয়ে সকালে উঠে গরু বের করতে গিয়ে গৃহকর্তা দেখলেন গোয়াল খাঁ খাঁ করছে। খুঁটিতে বাঁধা গরু আর নেই। রাজ্যে গরু পাচারের তদন্তের মধ্যেই এই ঘটনা বাঁকুড়ার কোতলপুরে। গতরাতে ভোজবাজির মতো একের পর এক গরু উধাও (Cattle smuggling) হয়েছে সেখানে।
বাঁকুড়ার কোতুলপুর থানার প্রান্তিক গ্রাম খিরি। বুধবার গভীর রাতে ওই গ্রামের একাধিক পরিবারের গোয়াল থেকে গরু চুরি হয়েছে। কী ভাবে গরু চুরি হল, ভেবে কূলকিনারা পাচ্ছেন না গ্রামবাসীরা। আজ সকাল থেকে গুরু চুরির (Cattle smuggling) তদন্তে নেমেছে পুলিশ। এই চুরির ঘটনার সঙ্গে পাচার চক্রের কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রামের অধিকাংশ পরিবারই কৃষিজীবী। ফলে প্রায় প্রতি বাড়িতেই লাঙল টানার বলদ গরুর পাশাপাশি রয়েছে দুধেল গরু। অধিকাংশ গোয়াল খোলা জায়গায়। এতদিন গ্রামে কোনওদিন গরু চুরি হয়নি। তাই নিশ্চিন্তেই খোলা গোয়ালে গরু বেঁধে রাখতেন সকলে। স্থানীয়দের দাবী, গতকাল রাত একটা–দেড়টা নাগাদ গ্রামে ঢোকে গরুচোরের (Cattle smuggling) দল। একের পর এক বাড়ির গোয়ালে হানা দিয়ে মোট ৮টি গরু খুলে নিয়ে যায়। গ্রামের অদূরে দাঁড়িয়ে থাকা গাড়িতে গরু নিয়ে পালায় তারা।
তবে গরু চোরদের খপ্পর থেকে একটি গরু রেহাই পেয়েছে। ওই গুরুটিকে গাড়িতে তোলার আগে একটি গাছে বেঁধেছিল চোরেরা। কিন্তু পরে গাড়িতে তুলতে ভুলে যায়। সকালে স্থানীয়রা উঠে গোয়াল ফাঁকা দেখে নিজের নিজের গরুর খোঁজ শুরু করেন। তখনই চোখে পড়ে গ্রামের অদূরে একটি ফাঁকা জায়গায় ওই গরুটি বাঁধা রয়েছে। ঘটনাস্থলে ভেজা মাটিতে চাকার দাগ দেখে স্থানীয়দের ধারণা হয় পিকআপ ভ্যান জাতীয় কোনও গাড়িতে তুলে গরুগুলিকে অন্যত্র পাচার করা হয়েছে।
ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়দের দাবি। এই গরুচোর চক্রের সঙ্গে গরু পাচারকারীদের যোগ থাকতে পারে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। মঙ্গলবারই পুরুলিয়ায় একটি দুধের গাড়িতে করে গরু পাচার করা হচ্ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতেই বোঝা যায় গরু নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িতে। কয়েকটি গরু ওই দূর্ঘটনায় মারাও গিয়েছিল।
পুরো ভিডিও দেখার মানসিকতা নেই! রোদ্দুর রায়ের মামলা খারিজ করে দাবি বিচারপতির