
শেষ আপডেট: 26 June 2022 13:00
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাজ্য ছিল উপনির্বাচনের ভোটগ্রহণ (Bypoll Election)। সকাল থেকেই পাখির চোখ ছিল ঝালদা (Jhalda) ও পানিহাটিতে (Panihati)। দুই পুরসভাই দুই কাউন্সিলরের খুন ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। দিনের শেষে ঝালদার দুই নম্বর ওয়ার্ডে রেকর্ড সংখ্যক ভোট পড়ল। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের নিরিখে বাকি কেন্দ্রগুলিকে ছাপিয়ে গেল ঝালদা। ভোট পড়ল ৮০ শতাংশেরও বেশি। তবে উল্টো দিকে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এদিন সেভাবে বাদমুখী হতে দেখা গেল না। এই ওয়ার্ডে ভোট পড়েছে মাত্র ৩১.৪৩ শতাংশ।
ঝালদার দুই নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। খুনের তদন্তের ভার পড়েছে সিবিআইয়ের হাতে। ফল প্রকাশের পরেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তপনের শরীর। তাঁর মৃত্যুর পর সেই ওয়ার্ডে ফের নির্বাচন হয় আজ।
এই কেন্দ্রে এদিন আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচন হয়। এমনকি ঝালদার আইসি সঞ্জীব ঘোষকেও ছুটিতে পাঠানো হয়। কারণ কংগ্রেস কাউন্সিলর খুনে জড়িয়ে গিয়েছিল তাঁর নাম। এখনও পর্যন্ত ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কখনও জেতেনি তৃণমূল।
অন্যদিকে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনা নিয়েও রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। শাসক দল, এই খুনের জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলেছিল। সেই ওয়ার্ডেও এদিন ছিল ভোটগ্রহণ। তবে এই কেন্দ্রে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মেলে। যদিও এই কেন্দ্রে ভোটের হার বাকি পাঁচ কেন্দ্রের তুলনায় সবথেকে কম।
বাকি চার কেন্দ্রে মোটের ওপর ভোট পড়েছে ভালই। বিকেল পাঁচটা পর্যন্ত শিলিগুড়ির মহকুমা পরিষদের নির্বাচনে ভোট পড়েছে ৭৮.৩০ শতাংশ। দমদমের চার নম্বর ওয়ার্ডের ভোট দানের হার ৭২.০৯ শতাংশ। দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ৬৯.৩৬ শতাংশ। আর ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ৭৪.৪১ শতাংশ।
এদিকে পাহাড়ে ১০ বছর পর হচ্ছে জিটিএ নির্বাচন (GTA Election)। যা নিয়ে সকাল থেকেই পাহাড়ে চলছে চাপানউতর। মোট ৪৫টি আসনে ২৭৭ জন প্রার্থী দাঁড়িয়েছেন এই নির্বাচনে। তবে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, বিজেপি, জিএমএলএফের মত দলগুলি। বিকেল চারটে পর্যন্ত দার্জিলিংয়ে ভোট পড়েছে ৫৭.৫৬ শতাংশ ও কালিম্পয়ে ভোট পড়েছে ৫৯.৯৭ শতাংশ।
রাজ্যের এই উপ নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। বিক্ষিপ্ত কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর এলেও মোটের ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।
ত্রিপুরায় গেরুয়া ঝড় অব্যাহত, আগরতলায় প্রেস্টিজ ফাইটে জিতলেন সুদীপ