
শেষ আপডেট: 13 December 2022 08:08
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সোমবার বিকেলে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে বগটুই (Bogtui) গণত্যার অন্যতম অভিযুক্ত লালন শেখকে (Lalan Sheikh) 'পার্সিয়াল হ্যাঙ্গিং' অবস্থায় দেখা যায়। লালনের অস্বাভাবিক মৃত্যুর পরই থমথম করছে বগটুই। মঙ্গলবার সকালে বগটুইতে গিয়ে দেখা গেল গোটা গ্রাম পুলিশ (Police) দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এমনকি গ্রামের ভেতরেও টহল দিচ্ছে পুলিশ।
একেই লালনের মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে এলাকা, তার ওপর নিরাপত্তার এই কড়াকড়িতে আরও থম মেরে গিয়েছে বগটুই। এমনিতেই মাত্র সাড়ে আট মাস আগে ঘটে যাওয়া নারকীয় গণহত্যার স্মৃতি এখনও দগদগে হয়ে আছে বগটুইবাসীর মনে। তার মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের এই অস্বাভাবিক মৃত্যু তাদের ফের যেন শঙ্কিত করে তুলেছে।
লালনের মৃত্যুর পরই বগটুইয়ের নিরাপত্তা বাড়িয়েছে জেলা পুলিশ। কারণ ভাদু শেখের মৃত্যুর পর প্রতিহিংসা থেকে কী ঘটেছিল তা কেউই ভোলেনি। তাই সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই যত কড়াকড়ি। তবে মঙ্গলবার সকাল থেকে লালনের মৃত্যু নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে উঠলেও বগটুইতে কিছু হয়নি। লালন শেখের দিদির সঙ্গে গ্রামবাসীদের একাংশ রামপুরহাটে অবস্থিত সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়। এই ধর্না-বিক্ষোভে যোগ দিয়েছেন লালনের মেয়েও। তাঁর অভিযোগ, "সিবিআই পিটিয়ে মেরে ফেলেছে আমার বাবাকে। সিবিআইয়ের ফাঁসি চাই।" বিক্ষোভকারীদের দ্বারা কার্যত ঘেরাও হয়ে পড়েছেন সিবিআই অফিসাররা।
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে জাতীয় সড়কও অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা।
সিবিআইয়ের ফাঁসি চেয়ে ধর্নায় লালনের মেয়ে, রামপুরহাটে 'অবরুদ্ধ' অস্থায়ী ক্যাম্প