বিধানসভায় সব্যসাচীর হাতে তৃণমূলের পতাকা, শুভেন্দুর হুঁশিয়ারি শেষ দেখে ছাড়ব
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফিরেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারজাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও রাজ্যের পরিবহণমন
শেষ আপডেট: 8 October 2021 13:23
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফিরেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারজাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বিধানসভার মধ্যেই সব্যসাচীর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছিলেন। যা নিয়ে গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, নির্লজ্জ দলতন্ত্র।
শুক্রবার বিধানসভায় গিয়ে হাতে সংবিধান নিয়ে আম্বেদকর মূর্তির নীচে বিক্ষোভ দেখালেন শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা। শুভেন্দু স্লোগান দিলেন, বিধানসভাকে পার্টি অফিস বানাচ্ছ কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও।
এদিন বিরোধী দলনেতা বলেছেন, এখানেই শেষ নয়। এর শেষ দেখে ছাড়ব।
কী করবেন?
শুভেন্দুর বক্তব্য, পুজোর ছুটির পর এ নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানাবে বিজেপি পিরষদীয় দল। তারপর বিধানসভা থেকে বিজেপি বিধায়করা মিছিল করে যাবেন রাজভবনে। শুভেন্দুর কথা, বিধানসভায় যেহেতু এই ঘটনা ঘটেছে তাই আমরা অধ্যক্ষকে জানাব। আর রাজ্যপাল যেহেতু সংবিধানের রক্ষাকর্তা তাই তাঁকেও জানাব আমরা।
নন্দীগ্রামের বিধায়কের বক্তব্য, যে ঘটনা কাল ঘটেছে তা শুধু নিন্দনীয় নয়। নজিরবিহীন। তিনি এও বলেন, রাজনীতি নিয়ে তাঁর কিছু বলার নেই। কে এল, কে গেল তাতেও কিছু যায় আসে না। কিন্তু বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে তাতে বিধানসভার গরিমা নষ্ট হয়েছে।
অধ্যক্ষ সম্পর্কে বিরোধী দলনেতা বলেন, তাঁর পাণ্ডিত্য, চেয়ারের প্রতি মর্যাদা জানিয়েই বলছি, বিধানসভায় যা হয় সবটাই হয় পরিষদীয় মন্ত্রীর নির্দেশে। অর্থাৎ শুভেন্দুর নিশানায় যে পার্থ চট্টোপাধ্যায় তা স্পষ্ট। বিরোধী দলনেতা জানিয়েছেন, ৮ নভেম্বর হাইকোর্ট খুললে বিজেপি বিধায়করা জনস্বার্থ মামলা দায়ের করবেন এই ঘটনা নিয়ে। অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও তিনি প্রতিবাদ জানানোর আবেদন জানিয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'