দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে একই দিনে বাজ পড়ে মৃত্যু হল তিন জনের! জখম হয়েছেন আরও এক জন।
জানা গেছে, সোমবার দুপুরে আউশগ্রাম ২ ব্লকের ছোড়া আদিবাসীপাড়ার বাসিন্দা, ৩৮ বছরের মুঙ্গলি বেসরা দেকুড়ি গ্রামের মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময়ে আচমকা বাজ পড়ায় খোলা মাঠে গুরুতর জখম হন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ৪০ বছরের বাহামনি কিস্কু নামের আরও একজন মহিলা, জখম হন তিনিও। সঙ্গেসঙ্গে স্থানীয়রা তাঁদের দু'জনকেই উদ্ধার করে বন নবগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মুঙ্গলিকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে আউশগ্রামেরই হাটমাধবপুর গ্রামের বাসিন্দা, ১৭ বছরের কিশোর লকাই মাঝি এদিন দুপুরে পল্লিশ্রী গ্রামের কাছে মাঠে কাজ করছিল। আচমকা বাজ পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। আউশগ্রামেরই সোয়াই গ্রামের বাসিন্দা, ৫৫ বছরের কোকিলা বাগদিও এদিন প্রায় একই সময়ে মাঠে গরু চরাচ্ছিলেন। দুপুর নাগাদ প্রচন্ড ঝড় বৃষ্টির সময় মাঠে ছাতা নিয়ে বসেছিলেন তিনি। সেই সময়ে খুব জোরে বাজ পড়ে, মারা যান তিনি।
পুলিশ জানিয়েছে, তিনটি দেহই ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। জখম বাহামণি বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। পাশাপাশি মঙ্গলকোটেরর জালপাড়া গ্রামেও আনন্দ নামের আরও এক ব্যক্তি আজ বাজ পড়ে মারা গেছেন।
ফলে একদিনে গোটা জেলায় চার জনের মৃত্যু হল বজ্রাঘাতে।