দ্য ওয়াল ব্যুরো, বহরমপুর: মুর্শিদাবাদে বড়সড় জাল নোট কারিবারের হদিশ পেল বহরমপুর জেলা পুলিশ। পুলিশের জালে ইতিমধ্যেই ধরা দিয়েছে দুই জালনোট পাচারকারী। তাদের থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ ত হাজার টাকা।
বুধবার সকাল ১১টা নাগাদ বহরমপুরে জেলা পুলিশ সুপারের অফিসে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার। তিনি জানিয়েছেন, জালনোট পাচারচক্রে ধৃত ব্যক্তিদের নাম রহিম শেখ (২৩) এবং মিজান শেখ (৩৪)।
রহিমের বাড়ি চাপাই নবাবগঞ্জ এলাকায় এবং মিজানের বাড়ি ঝাড়খন্ডের রাজমহল এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’হাজার টাকার ৩৭৯টি এবং ৫০০ টাকার ৯০টি জালনোট। পুলিশ সুপারের কথায়, রহিম মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে জালনোটগুলি নিয়ে প্রথমে মালদায় আসে। সেখান থেকে সে যায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। ওই দিনই টাকাগুলি পাচারের জন্য রাত সাড়ে ৮টা নাগাদ সে দেখা করে নিজামের সঙ্গে। পুলিশ আগে থাকতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। জালনোট-সহ রহিম এবং নিজাম দু’জনকেই গ্রেফতার করেন তদন্তকারী অফিসারেরা।
ধৃতদের জেরা করে মালদা ও রাজমহলের আরও দুই জালনোট পাচারকারীর খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। চলতি বছরে মুর্শিদাবাদ পুলিশ মোট ৭০ লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে।