রাজ্যে প্রত্যেক দিন গড়ে একশোরও বেশি করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ, মঙ্গলবার জানা গেল, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১১০। মারা গেছেন ৮ জন। মঙ্গলবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২১৭৩।
ওই বুলেটিন বলছে, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা যাওয়ার ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ১২৬। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৯৮ জনের।
গত কাল অর্থাৎ সোমবার সন্ধেয় জানা গেছিল, ১২৪ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২০৬৩। আজ সেটাই আরও বেড়ে হল ২১৭৩। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৬৩ জনের। কালকের থেকে ১১ জন কমেছে করোনা অ্যাকটিভের সংখ্যা। তার কারণ গত ২৪ ঘণ্টায় সেরে উঠে ছাড়া পেয়েছেন সর্বাধিক সংখ্যার করোনা আক্রান্ত মানুষ, ১১৩ জন।
মোট ২১৭৩ জনের মধ্যে কলকাতা শহরেই আক্রান্তের সংখ্যা ১০৪১। এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন। গতকাল অর্থাৎ সোমবার এই সংখ্যাটা ছিল ৭৭। অর্থাৎ রাজ্যে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জনই কলকাতার। পাশাপাশি এ শহরে কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৫২ জনের। ফলে করোনা আক্রান্ত অবস্থায় এ শহরে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১৩৫ জনের।
আজকের বুলেটিন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১৩ জন। গতকাল জানা গেছিল সুস্থ হয়েছেন মোট ৪৯৯ জন। ফলে আজ সেই সংখ্যাটা বেড়ে হল ৬১২। এটি বেশ আশাজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি, মঙ্গলবারের বুলেটিনে আরও উল্লেখ রয়েছে, এ পর্যন্ত মোট ৫২ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে করোনার। আজ সর্বাধিক নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত, সংখ্যাটা ৫০০৭। ১৮টি ল্যাবে চলছে করোনার পরীক্ষা। রাজ্যের মোট ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯০৭টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ৬৯৭৮ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪ হাজার ২৯৬ জন।