
শেষ আপডেট: 31 December 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: বাড়ির পাশ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হল এক ব্যক্তির। এই ঘটনা ঘিরে রহস্য ঘনিয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আবুল হোসেন। বছর বিয়াল্লিশের আবুলের বাড়ি চোপড়ার থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মুকদুমগছ গ্রামে। এই গ্রামের মসজিদে তিনি মোয়েজ্জেম ছিলেন।
শনিবার সন্ধেবেলায় ৬ টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত হয়ে গেলেও তিনি এদিন বাড়ি ফেরেননি। তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। এলাকায় তাঁকে খোঁজাখুঁজি করতে শুরু করেন। পরে রাত ৯ টা নাগাদ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন আত্মীয়রা। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের লোকজনের দাবি, আবুলকে খুন করা হয়েছে। তাঁর মাথার পিছনে গভীর ক্ষত ছিল।
আত্মীয়রা জানিয়েছেন, শান্ত স্বভাবের আবুলের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।