দ্য ওয়াল ব্যুরো, মালদা: বাড়ির সামনে মাটি কাটার প্রতিবাদ করায় মহিলার উপর ঝাঁপিয়ে পড়েছিল দুই যুবক। অভিযোগ, শ্লীলতাহানির পাশাপাশি মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করে তারা। পুত্রবধূর সম্মান বাঁচাতে ছুটে এলে মারধর করা হয় বৃদ্ধ শ্বশুরকেও। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটা মানিকচক থানার মথুরাপুর এলাকার। জখম বৃদ্ধের নাম আবদুল জাব্বার। বয়স ৮০ বছর। পরিবার সূত্রে খবর, তাঁদের বাড়ির পাশেই একটি গলি রয়েছে। বুধবার সন্ধেয় সেখানে হঠাৎ করেই মাটি কাটতে শুরু করে তাঁদেরই প্রতিবেশী সাত জন। তাদের মধ্যে ছিল তিন জন মহিলাও। সেটা দেখেই প্রতিবাদ করতে যান আবদুলের পুত্রবধূ।
অভিযোগ, মহিলাকে বাড়ির বাইরে বার হতে দেখেই অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে দানিশ শেখ এবং আয়েশ শেখ নামে দুই যুবক। কটূক্তি করতে থাকে তাদের সঙ্গে থাকা মহিলারাও। এর পরই ওই মহিলার সম্মানহানির চেষ্টা হয়। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে অশালীন আচরণ করারও চেষ্টা করে যুবকেরা। মহিলাকে বাঁচাতেই ঘরের ভিতর থেকে ছুটে আসেন তাঁর শ্বশুর আবদুল। তাঁকেও বেধড়ক মারধর করা হয়। লোহার রড, লাঠি দিয়ে মেরে বৃদ্ধের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকার বাসিন্দারাই। প্রথমে মানিকচক গ্রামীন হাসপাতালে ও পরে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
ঘটনায় অভিযুক্ত দানিশ শেখ,আয়েশ শেখ-সহ সাত জনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন আবদুলের পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, এখনও কাওকে গ্রেফতার করা হয়নি।