
শেষ আপডেট: 9 April 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: রাম নবমীতে অশান্তির ঘটনায় আদালতের নির্দেশে আগেই তদন্তে নেমেছিল এনআইএ। ওই অশান্তির ঘটনায় আরও ১১জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানাল জাতীয় তদন্তকারী সংস্থা।
বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ধৃতরা সকলেই হাওড়ার শিবপুরের বাসিন্দা। ধৃতরা হল-শামীম আহমেদ, বলওয়ান্ত সিং, মেহমুদ আলম, মেহফুজ আলম ওরফে সোনু, শামশাদ আলম ওরফে দানিশ, মহম্মদ আলি ওরফে সুরাজ, সেলিম জাভেদ ওরফে জাওয়াদ, সরফরাজ আলম ওরফে লালন, ফিরোজ খান, মহম্মদ সমীর আনসারি ওরফে রাজ এবং সামশাদ হুসেন ওরফে সামশাদ আলি।
এর আগে এই ঘটনার তদন্তে নেমে ১৬জনকে গ্রেফতার করেছিল এনআইএ। এদিনের পর মোট ধৃতর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭।
২০২৩ সালের মার্চ মাসে রাজ্যে রাম নবমী উদযাপনের সময় হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল।