দ্য ওয়াল ব্যুরো: রাজস্থান থেকে উদ্ধার হলেন শাহজাহানপুরের নিখোঁজ তরুণী! বিজেপির নেতা স্বামী চিন্মায়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন ২৩ বছরের ওই আইন-পড়ুয়া। তার পর থেকেই রহস্যজনক ভাবে আর খোঁজ মেলেনি তাঁর। চিন্মায়ানন্দের বিরুদ্ধে ওই তরুণীকে অপহরণের অভিযোগ তুলেছিলেন তাঁর বাবা। দায়ের করা হয় যৌন নির্যাতনের অভিযোগও। আইনজীবীরা ঘটনার গতিমুখ দেখে জানান যে, শাহজাহানপুরের এই ঘটনাটিও আরও একটি ‘উন্নাও মামলায়' পরিণত হতে পারে। এর পরেই সুপ্রিম কোর্ট নিজের দায়িত্বে ঘটনাটির সুয়ো-মোতো করবে বলেও জানায়।
পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্ট নিজের দায়িত্বে নেওয়ার ঠিক আগেই উদ্ধার করা হয়েছে তরুণীকে।
উন্নাও ধর্ষণ মামলায় বিজেপির শক্তিশালী বিধায়ক কুলদীপ সিংয়ের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ২০১৭ সালে। সম্প্রতি সেই অভিযোগ নিয়ে নাড়াচাড়া হলে, নির্যাতিতাকে গাড়ি চাপা দিয়ে খুন করার যড়যন্ত্রের অভিযোগও ওঠে কুলদীপের বিরুদ্ধে।
শাহজাহানপুরের তরুণীও অভিযোগ তোলার পরেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পরে, তাঁর ক্ষতির আশঙ্কা বাড়ে সব মহলেই। মঙ্গলবার সন্ধ্যায় চিন্মায়ানন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। অপহরণ ও অপরাধমূলক ভয় দেখানোর ধারার অধীনে মামলা করা হয়েছে। কিন্তু খোঁজ মেলে না তরুণীর। এর পরে তরুণীর বাবাও জানান, তিনি অভিযুক্ত চিন্ময়ানন্দের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তুলে নিতে রাজি আছেন। কিন্তু তার আগেই পুলিশ উদ্ধার করে এনেছে তাঁর মেয়েকে।
গত ২৪ আগস্ট সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থার অভিযোগ করেন শাহাজাহানপুরের এসএস ল কলেজের ওই ছাত্রী। একটি ভিডিও বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রভাবশালী নেতা স্বামী চিন্ময়ানন্দের নাম না করে ২৩ বছরের ওই ছাত্রী বলেন, "আমি একা নই,কলেজের পরিচালন সমিতির প্রভাবশালী ব্যক্তিরা অনেক ছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী নেতা ও সন্ন্যাসী অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমার কাছে ওঁর বিরুদ্ধে সমস্ত রকম তথ্য প্রমাণ আছে। কিন্তু উনি যথেষ্ট প্রভাবশালী হওয়ার কারণে পুলিশ বা প্রশাসন-- কেউই ওঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।"উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চেয়েছিলেন ওই তরুণী।ওই ছাত্রী আরও জানিয়েছিলেন, তাঁর কাছে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ থাকায় তিনি ও তাঁর পরিবার হুমকির মুখে পড়েছেন বারবার। এর পরে তরুণীর পোস্ট করা ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই মেয়ে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। এর পরেই পরিবারের পক্ষ থেকে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে শাহাজানপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছিলো।
পুলিশ জানিয়েছে, স্বামী চিন্ময়ানন্দের সমর্থকদের পক্ষ থেকেও পুলিশের কাছে একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয়। যাতে বলা হয়, এ সবের আগে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে স্বামী চিন্ময়ানন্দের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করে। টাকা না পেলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দেয়। তাতে গুরুত্ব না দেওয়ায় চিন্ময়ানন্দের নামে মিথ্যে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
৭২ বছরের বিজেপি নেতা চিন্ময়ানন্দ উত্তরপ্রদেশের জৌনপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন আজ থেকে ২০ বছর আগে। তার পর ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলাছেন। এখন শাহজাহানপুরের পাঁচটি কলেজের মালিক তিনি। তাঁর একটি বিশাল আশ্রমও আছে ওই শহরেই। হরিদ্বার ও হৃষিকেশেও আশ্রম চালান তিনি। তাঁর এই বিশাল সম্পত্তির কোনও সরকারি হিসেব নেই। তবে সকলেই জানেন, ওই আশ্রম ও কলেজগুলি থেকে কয়েক কোটি টাকার উপার্জন করেন তিনি। বহু পোস্টারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে ছবি রয়েছে তাঁর। প্রভাবশালী হিসেবে পরিচিতি রয়েছে শাহজাহানপুর-জুড়ে।