দ্য ওয়াল ব্যুরো: সেই এপ্রিল-মে মাস থেকে পিছোতে পিছোতে সেপ্টেম্বরে হতে চলেছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের কী কী নিয়ম মেনে পরীক্ষার হলে ঢুকতে হবে সে ব্যাপারে মঙ্গলবার একটি গাইডলাইন প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ।
ওই গাইডলাইনে বলা হয়েছে—
১. প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক অথবা ফেস কভার পরে পরীক্ষার হলে আসতে হবে। তা না থাকলে হলে ঢোকার মুখেই আটকে দেওয়া হবে।
২. বাধ্যতামূলক ভাবে পরীক্ষার হলে ঢোকার সময়ে গ্লাভস পরতে হবে। তবে লেখার সময়ে তাঁরা তা খুলে কলম ধরতে পারেন।
৩. জলের বোতলের মতো পরীক্ষার হলে হ্যান্ড স্যানিটাইজারও নিয়ে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা।
৪. অ্যাডমিট কার্ড ও আধার কার্ড নিয়ে ঢুকতে হবে পরীক্ষার হলে।
৫. পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কোনও পরীক্ষার্থী হলের বাইরে বের হতে পারবেন না। তবে কারও যদি শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে পরীক্ষকের অনুমতি নিয়ে বাইরে বের হতে পারবেন সংশ্লিষ্ট পরীক্ষার্থী।
৬. হলে ঢোকার আগে সামাজিক দূরত্ব বজায় রেখেই লাইন করে দাঁড়াতে হবে পরীক্ষার্থীদের। লাইনে পরীক্ষার্থী ছাড়া আর কেউ যাতে না থাকেন তা সংশ্লিষ্ট সেন্টারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে এনটিএ পরামর্শ দিয়ে বলেছে, পরীক্ষার্থীরা চেষ্টা করুন যাতে পরীক্ষা শুরুর বেশ কিছুটা আগেই সেন্টারের সামনে পৌঁছে যাওয়া যায়। সেক্ষেত্রে আগেভাগে বসার ব্যবস্থা এবং ইত্যাদি তাঁরা দেখে নিতে পারবেন।
এনটিএ জানিয়েছে, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই এবার সেন্টারের সংখ্যা প্রায় ২৫ হাজারের মতো বাড়ানো হয়েছে। যাতে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে সামাজিক দূরইত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা যায় সে ব্যাপারে বদ্ধপরিকর এনটিএ। তারা আরও জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল দুই ক্ষেত্রেই পরীক্ষার্থীরা ঘরের কাছের সেন্টার পছন্দ করেছিলেন। সেই মতোই তাঁদের অ্যাডমিট কার্ড তৈরি করা হয়েছে।