দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। মোদীকে জিনিয়াস বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে বিচারপতি মিশ্র বলেন, “নরেন্দ্র মোদীর যোগ্যতা আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। তিনি জিনিয়াস। ভাবেন গ্লোবালি আর কাজ করেন লোকালি।”
প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদেরও দরাজ প্রশংসা করেন বিচারপতি মিশ্র। তাঁর কথায়, “আন্তর্জাতিক স্তরে বহুদেশ ভারতকে বন্ধু ভাবে। এটা সম্ভব হয়েছে মোদীর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই।”
‘ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্স-২০২০’ শুরু হয়েছে শনিবার। সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এই সম্মেলনে বিচারপতি অরুণ মিশ্র ব্যাখ্যা করেন, কীভাবে দুনিয়া জুড়ে বিচারব্যবস্থার উপর আঘাত আসছে এবং তার মধ্যেও কীভাবে প্রতিদিন মাইলফলক তৈরি হচ্ছে। তাঁর কথায়, “পরিবর্তনশীল বিশ্বে বিচারব্যবস্থার ভূমিকা অনস্বীকার্য।” বিশ্বের ২০টি দেশের তাবড় বিচারপতিরা যোগ দিয়েছেন এই আন্তর্জাতিক সম্মেলনে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার ধরন নিয়েও উচ্ছ্বাস শোনা যায় বিচারপতি মিশ্রের গলায়। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী যেভাবে তাঁর বক্তব্য উপস্থাপন করেন, তাতে বহু মানুষ অনুপ্রাণিত হন।” এই প্রসঙ্গেই বিচারপতিকে বলতে শোনা যায়, “মোদী একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ভাবেন গ্লোবালি আর কাজ করেন লোকালি।”
বিশ্বায়নের ব্যাখ্যা দিতে গিয়ে বিচারপতি মিশ্রের বক্তৃতায় উঠে আসে দুনিয়া জুড়ে বেড়ে চলা বৈষম্যের প্রসঙ্গ। তাঁর কথায়, “কিছু কিছু ক্ষমতাবান ব্যক্তি এই বৈষম্য তৈরি করেছে। করোনা ভাইরাস প্রতিরোধের মতো এ বিষয়েও আমাদের (পড়ুন বিচারব্যবস্থা) সতর্ক হওয়া প্রয়োজন।”