দ্য ওয়াল ব্যুরোঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সমস্যা হওয়ায় এনডিএ জোট ছেড়েছে রাম বিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। বলা ভাল, রাম বিলাসের ছেলে চিরাগ পাসোয়ানের সিদ্ধান্তের ফলেই এটা হয়েছে। এনডিএ জোট ছাড়লেও অবশ্য বিজেপির সঙ্গে একই সম্পর্ক তাদের থাকবে বলেই জানিয়েছে এলজেপি। যদিও বিজেপির তরফে স্পষ্ট করে দেওয়া হল বিহারের নির্বাচনে জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমারই এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী। তাই যে দলই জিতুক না কেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই হবেন, এমনটাই জানালেন বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।
বিজেপি নেতা জানান, বিহারের ফল প্রকাশ হলেই বোঝা যাবে ফের এনডিএ জোটের দিকেই আস্থা দেখিয়েছেন বিহারের মানুষ। আর এনডিএ জোটে যারা থাকবে সবাইকে মেনে নিতে হবে যে নীতীশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী। রাম বিলাস পাসোয়ান সুস্থ থাকলে এই সিদ্ধান্ত চিরাগ পাসোয়ান নিতে পারতেন না এমনটাই মনে করেন সুশীল মোদী। তিনি বলেন, “রাম বিলাস সুস্থ থাকলে এটা হত না। তিনি কোনও মতেই এই সিদ্ধান্ত মেনে নিতেন না।”
আসন সমঝোতা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পরে এই মন্তব্য করেন সুশীল মোদী। এলজেপি এনডিএ জোট ছেড়ে বিহারের নির্বাচনে এক লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এতদিন চুপ ছিল বিজেপি। এতদিনে মুখ খুলেছে তারা। সূত্রের খবর, এই বিষয়ে জেডিইউর তরফেও বিজেপির উপর চাপ দেওয়া হচ্ছিল। কারণ, অনেক দিন ধরেই নীতীশ কুমারের সমালোচনা করছিলেন চিরাগ পাসোয়ান।
সুশীল মোদী মঙ্গলবার স্পষ্ট করে দেন, এবারের নির্বাচনে বিহারে এনডিএ জোট বলতে মূলত চারটি দল রয়েছে। সেগুলি হল বিজেপি, জেডিইউ, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ও বিকাসশীল ইনসান পার্টি। এই বিকাশশীল ইনসান পার্টি সম্প্রতি বিরোধী জোট ছেড়ে এনডিএ জোটে নাম লিখিয়েছে। সুশীল মোদী বলেন, “এই চারটি দলই নিজেদের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করতে পারেন। দরকার হলে আমরা নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানাব, প্রধানমন্ত্রীর ছবির যাতে অপব্যবহার না হয়।”
এর আগে অবশ্য এলজেপি প্রধান রাম বিলাস পাসোয়ানের রাজ্যসভার সাংসদ হওয়ার পিছনে বিজেপি ও জেডিইউর কী ভূমিকা ছিল সে কথা উল্লেখ করেছে নীতীশ কুমার। তিনি বলেন, “যতই চেষ্টা আপনি করুন না কেন কিছু লোক নেতিবাচক কথা বলবেই। মানুষ কী বলছে তাতে আমার কোনও মাথা ব্যথা নেই। জনতা দল ইউনাইটেড ও বিজেপির সাহায্য ছাড়া কি রাজ্যসভায় যেতে পারতেন রাম বিলাস পাসোয়ান?”
নীতীশ আরও বলেন, বিহারের উন্নতির পিছনে কাজ করে যাবে এনডিএ জোট। কারণ, জোটের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। তাই একসঙ্গেই আগামী দিনেও কাজ করে যাব আমরা।