নির্ভয়া দোষীদের ফাঁসি কি পিছোবে! কিউরেটিভ পিটিশন দায়ের অক্ষয়ের
দ্য ওয়াল ব্যুরো: শনিবার তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তার। কিন্তু শনিবারই ফাঁসি হবে কিনা তা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। কারণ ফাঁসির সাজা মুকুবের জন্য সুপ্
শেষ আপডেট: 29 January 2020 04:08
দ্য ওয়াল ব্যুরো: শনিবার তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তার। কিন্তু শনিবারই ফাঁসি হবে কিনা তা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। কারণ ফাঁসির সাজা মুকুবের জন্য সুপ্রিম কোর্টে এবার কিউরেটিভ পিটিশন দায়ের করেছে অক্ষয় ঠাকুর। পিটিশন দায়ের করা রয়েছে মুকেশ সিংয়ের তরফেও। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুকেশের ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। সেই সিদ্ধান্ত নিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুকেশ। তার অভিযোগ, রাষ্ট্রপতি কোনও চিন্তা না করেই তার আবেদন খারিজ করে দিয়েছেন।
জানা গিয়েছে, বুধবারই দেশের শীর্ষ আদালতে এই দুই পিটিশনের শুনানি হবে। বারবার এই মামলা দীর্ঘায়িত হওয়ার জন্য অনেক সমালোচনা শুরু হয়েছে। গত মাসেই ফাঁসির সাজা মুকুবের জন্য হিন্দু দেবদেবী ও দিল্লির দূষণের কারণ দেখিয়ে আবেদন করেছিল অক্ষয়। সেই আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফের একবার আবেদন করল সে।
তিহাড় সূত্রে খবর, শেষ মুহূর্তে ফাঁসির হাত থেকে বাঁচতে সব রকমের চেষ্টা চালাচ্ছে চার দোষী। তাদের আইনজীবীদের দিয়ে বারবার সুপ্রিম কোর্টে যত রকম ভাবে সম্ভব আবেদন করছে। তাদের আবেদন হয়তো টিকছে না, কিন্তু আইনি পদ্ধতিতে বিষয়টি দীর্ঘায়িত করার চেষ্টা করছে তারা।

বারবার ফাঁসি পিছিয়ে যাওয়ায় দিল্লি সরকার ও তিহাড় জেল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন নির্ভয়ার মা। তাঁর অভিযোগ, ঠিকমতো সব কিছু হলে অনেক আগে তাঁর মেয়ের দোষীদের ফাঁসি হয়ে যেত। সরকারের কর্তব্যে অবহেলার ফলেই তারা এখনও বেঁচে আছে।
অন্যদিকে এই ধরনের মামলায় আইনে কিছু বদল আনার জন্য সুপ্রিম কোর্টকে আবেদন করেছে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, এই ধরনের মামলায় একবার দোষী সাব্যস্ত হওয়ার পর বারবার বিভিন্ন উপায় প্রাণভিক্ষার আর্জি জানিয়ে এই পদ্ধতিকে যাতে দোষীরা দীর্ঘায়িত করতে না পারে সেদিকে নজর দেওয়া উচিত দেশের শীর্ষ আদালতের।
এখন দেখার এই জোড়া পিটিশনের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। শনিবারই ফাঁসির সাজা বলবত থাকে কিনা সেটাও দেখার।