দ্য ওয়াল ব্যুরো: নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় ফের কিছু শহরে নাইট কার্ফু লাগু করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। জরুরি দরকার ছাড়া সন্ধ্যা ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাউকে বাড়ির বাইরে বের হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে, জয়পুর, যোধপুর, কোটা, বিকানের, উদয়পুর, আজমের, আলওয়ার ও ভিলওয়ারাতে এই নাইট কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজস্থান সরকার আরও জানিয়েছে, এবার থেকে মাস্ক না পরে রাস্তায় বের হলে ২০০ টাকার জায়গায় ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে।
শনিবার মরু রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে বলেছেন, “মন্ত্রিসভার সদস্যরা বৈঠক করে করোনা সংক্রমণ রুখতে সবথেকে বেশি আক্রান্ত আটটি শহরে নাইট কার্ফু লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। এই আটটি শহর হল জয়পুর, যোধপুর, কোটা, বিকানের, উদয়পুর, আজমের, আলওয়ার ও ভিলওয়ারা। আরও অনেক গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ও গুজরাত সরকার বেশ কিছু শহরে আপাতত নাইট কার্ফু শুরু করেছে। উৎসবের মরসুমে বেড়ে যাওয়া সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে রাজস্থান। শনিবার নতুন করে রাজস্থানে ৩০০৭ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা সর্বাধিক। মৃত্যু হয়েছে ১৬ জনের। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৭৬ জন। করোনা আক্রান্ত হয়ে মোট ২১৪৬ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণ বাড়তে থাকায় বিরোধী দল বিজেপি রাজস্থান সরকারের কাছে আবেদন করেছে হাসপাতালে বেড, ভেন্টিলেটর ও অক্সিজেন সিলিন্ডারের যাতে পর্যাপ্ত যোগান থাকে সেদিকে নজর দিতে।
মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, গোয়ালিয়র, বিদিশা ও রতলামে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ও কারখানার কর্মীরা এই নাইট কার্ফুর বাইরে থাকবেন। একইভাবে গুজরাতের বেশ কিছু শহরেও জারি করা হয়েছে নাইট কার্ফু। শুধুমাত্র দুধ ও ওষুধের দোকানকে এর বাইরে রাখা হয়েছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯১ লাখের কাছে পৌঁছে গিয়েছে। দৈনিক আক্রমণ ৫০ হাজারের নীচে থাকলেও কিছু রাজ্যে আক্রান্ত বাড়ছে। তাই সেই রাজ্যগুলিতে বেশি নজরদারির নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর সেই ব্যবস্থা স্বরূপ ইতিমধ্যেই কিছু রাজ্যে নতুন করে জারি হয়েছে নাইট কার্ফু।