মোদী সরকারের আর্থিক প্যাকেজ আসলে ‘জুমলা’, কটাক্ষ কংগ্রেসের
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের জন্য মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন এই আর্থিক প্যাকেজ দেশের মোট জিডিপি-র ১০
শেষ আপডেট: 14 May 2020 13:27
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের জন্য মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন এই আর্থিক প্যাকেজ দেশের মোট জিডিপি-র ১০ শতাংশ। বুধবার ও বৃহস্পতিবার এই প্যাকেজের প্রথম দুটি পর্যায় বিস্তারিত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মোদী সরকারের এই প্যাকেজকে জুমলা বলে কটাক্ষ করল কংগ্রেস।
নরেন্দ্র মোদীর ঘোষণার পর থেকেই সমালোচনা শুরু করে কংগ্রেস। বুধবার নির্মলা সীতারমনের প্রথম পর্যায়ের ঘোষণার পরেও সেই সমালোচনা কমেনি। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, এই প্যাকেজে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পর জন্য কিছু বিনিয়োগ ছাড়া আর কোনও ঘোষণা হয়নি।
বৃহস্পতিবার নিজেদের টুইটারে কংগ্রেস এই প্যাকেজকে জুমলা বলে কটাক্ষ করে। তার কারণও অবশ্য জানানো হয়। তথ্যের ভিত্তিতে কংগ্রেস জানায়, এই প্যাকেজের মধ্যে ইতিমধ্যেই ৯.৭৪ লক্ষ কোটি টাকা অর্থাৎ জিডিপির ৪.৮ শতাংশ সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে দিয়েছে আগেই। অর্থাৎ বাকি ১০.২৬ লক্ষ কোটি টাকা অর্থাৎ জিডিপির ৫.২ শতাংশ ঘোষণা নতুন করে করতে চলেছে সরকার। এর আগে কোনও খাতে কত টাকা ঘোষণা করা হয়েছে, তার একটা তালিকাও দেয় কংগ্রেস।
https://twitter.com/INCIndia/status/1260865482866868224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1260865482866868224&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-economic-package-congress-says-rs-20-lakh-crore-plan-just-a-hashtag-jumlapackage-2228809
এর আগে কংগ্রেসের তরফে এই আর্থিক প্যাকেজকে ‘বিগ জিরো’ হিসেবে কটাক্ষ করা হয়। চিদম্বরম বলেন, সরকারের প্রথমেই উচিত দেশের একদম নীচের স্তরে থাকা ১৩ কোটি মানুষের হাতে টাকা দেওয়া। যদি ৫ হাজার করে টাকা প্রত্যেককে দেওয়া হয়, তাহলেও সরকারের ৬৫ হাজার কোটি টাকা খরচ হবে। তারপরে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে টাকা দেওয়া উচিত।
অনেকটা একই সুরে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্যাকেজকে বিগ জিরো হিসেবে উল্লেখ করেন।
বুধবার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ ও ট্যাক্স কাঠামোয় কিছু বদলের পরে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরিযায়ী শ্রমিক ও কৃষকদের জন্য একাধিক ঘোষণা করেন। ওয়ান নেশন ওয়ান রেশন প্রকল্পের কথা বলেন তিনি। এই ঘোষণার পরে প্রধানমন্ত্রী-সহ বিভিন্ন বিজেপি নেতারা এই প্যাকেজকে এক আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিকে সঠিক পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন।