দ্য ওয়াল ব্যুরো: ভারতে কোভিড মোকাবিলায় অগ্রণী ভূমিকা নেওয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশদের সম্মান জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে বলে শুক্রবার জানিয়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেইমতো রবিবার সকালে সম্মান জানাল বায়ুসেনা।
সকাল থেকে আকাশ মেঘলা থাকায় কিছুক্ষণ পরে শুরু হয় এই অনুষ্ঠান। প্রথমে দিল্লির পুলিশ মেমোরিয়ালে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। সেই সময় পুলিশ মেমোরিয়ালে বিপিন রাওয়াতের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তাঁরাও সম্মান জানান।
দিল্লি, মুম্বই-সহ দেশের বড় বড় শহরে একাধিক হাসপাতালের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনা। এছাড়া বিভিন্ন হাসপাতালের সামনে সেনার জওয়ানরা ব্যান্ড বাজিয়ে সম্মান জানান। বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও জাগুয়ার বিমান রাজপথের উপর দিয়ে উড়ে যায়। সম্মান জানানো হয় রাজঘাটেও।
জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক ও চণ্ডীগড়ের সুকনা লেকের উপর দিয়ে উড়ে যায় বায়ুসেনার বিমান। আকাশে মেঘ থাকলেও সেই দৃশ্য চোখে পড়ে।
এই সম্মান জ্ঞাপনে যোগ দিয়েছে ভারতীয় নৌবাহিনীও। জানা গিয়েছে ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডের পাঁচটি জাহাজে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আলো জ্বালানো থাকবে। জাহাজগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে থাকবে। ইন্ডিয়া স্যালুটস করোনা ওয়ারিওর্স লেখা ব্যানার থাকবে সেখানে। এছাড়া জাহাজ থেকে সাইরেনও বাজানো হবে বলে জানা গিয়েছে।
দেখুন সেই সম্মান জ্ঞাপনের ছবি-
হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে
ডাল লেকের উপর বায়ুসেনার বিমান
হাসপাতালের সামনে ব্যান্ড বাজাচ্ছেন সেনা জওয়ানরা
দিল্লির রাজপথে বায়ুসেনার যুদ্ধবিমান
পুলিশ মেমোরিয়ালে সম্মান জানাচ্ছেন তিন বাহিনীর প্রধানরা
ছবি সৌজন্যে টুইটার