দ্য ওয়াল ব্যুরোঃ গত বুধবার বিহারের ডিজিপির পদ থেকে ইস্তফা দিয়েছেন গুপ্তেশ্বর পাণ্ডে। তারপরেই জানা গিয়েছিল এবার রাজনীতির আঙিনায় নামতে চলেছেন গুপ্তেশ্বর। শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডে যোগ দেওয়ার কথা গুপ্তেশ্বর পাণ্ডে। জানা গিয়েছে, এদিন দুপুরেই আনুষ্ঠানিকভাবে তাঁকে দলে স্বাগত জানানো হবে।
গত মঙ্গলবার রাতেই প্রথম জানা যায় ইস্তফা দিতে চলেছেন গুপ্তেশ্বর পাণ্ডে। পরের দিনই অবসর নেন তিনি। সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি বলিউড অভিনেতা তথা বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বারবার শিরোনামে এসেছেন গুপ্তেশ্বর। তাঁর নেতৃত্বে বিহার পুলিশের সঙ্গে মুম্বই পুলিশের সরাসরি সংঘাত হয়েছে। এমনকি সুশান্ত মামলায় মাদক যোগের অভিযোগে জেলে বন্দি রিয়া চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি।
গতকালই বিহারে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর, এই তিন দফায় হবে নির্বাচন। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।
আসন্ন বিধানসভা নির্বাচনে জেডিইউ প্রার্থী হয়েই দাঁড়াতে দেখা যেতে পারে গুপ্তেশ্বরকে। সূত্রের খবর, বক্সার শহর কিংবা বক্সার জেলার অন্য কোনও কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি।
রাজনীতিতে আসার ইচ্ছা গুপ্তেশ্বরের এই প্রথম নয়। এর আগেও ২০০৯ সালে বক্সার লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেবার টিকিট পেতে তিনি ব্যর্থ হন। এরপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে নীতীশ কুমার তাঁকে ফের কাজে যোগ দেওয়ান। তাই তাঁর উপর নীতীশ কুমারের নেক নজরের কথা সবারই জানা। এবার হয়তো নিজের আস্থাভাজনকে রাজনীতির ময়দানে নামাতে চান নীতীশ। ডিজিপির অবসরের আবেদন হয়তো তারই ইঙ্গিত।
সুশান্তের মৃত্যু মামলা বিহার থেকে মুম্বইয়ে ট্রান্সফার করার রিয়া চক্রবর্তীর আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পরে সংবাদমাধ্যমের সামনে গুপ্তেশ্বর পাণ্ডে বলেন, রিয়ার কোনও যোগ্যতা (অউকাত) নেই নীতীশ কুমারের বিরুদ্ধে মন্তব্য করার। পরে অবশ্য বিতর্কের মাঝে নিজের মন্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, তিনি বলতে চেয়েছিলেন রিয়া চক্রবর্তী নিজেই অভিযুক্ত। তাই বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কোনও অধিকার তাঁর নেই।
বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখনই মহারাষ্ট্র সরকার বা মুম্বই পুলিশের তরফে কোনও অভিযোগ করা হয়েছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মুখ খুলেছেন গুপ্তেশ্বর পাণ্ডে। ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। এই কাজেরই হয়তো পুরস্কার পেলেন এবার। তারই প্রথম ধাপ শুরু হচ্ছে এদিন।