দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে উত্তেজনা ছড়ালো দিল্লির সম্ভ্রান্ত লোধি এস্টেট এলাকায়। সহকর্মীকে গুলি করেন সিআরপিএফের এক সাব-ইন্সপেক্টর। তারপর তিনি আত্মঘাতী হন। গুলির আঘাতে মৃত্যু হয়েছে সহকর্মী জওয়ানেরও। ঘটনার আগেই দু’জনের মধ্যে কোনও বিষয়ে ঝগড়া হয়েছিল বলে খবর।
দিল্লি পুলিশ সূত্রে খবর, ৬১ নম্বর লোধি এস্টেটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নামে বরাদ্দ একটি বাংলোর কাছে শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায় লোধি এস্টেট থানার পুলিশ। সেখানে দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুলি দুটি চালানো হয়েছে একটি সার্ভিস রিভলভার থেকেই। পাশাপাশি দুটি দেহ পড়ে ছিল। দুই জওয়ানের দেহকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দু’জনের শরীরেই অবশ্য গুলির আঘাত পাওয়া গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই জওয়ানের নাম কারনাইল সিং ও দশরথ সিং। দু’জনেই সিআরপিএফে সাব-ইন্সপেক্টর পদে ছিলেন। কারনাইলের বাড়ি জম্মু-কাশ্মীরের উধমপুরে। অন্যদিকে দশরথের বাড়ি হরিয়ানার রোহতকে। দু’জনেই লোধি এস্টেট এলাকায় দায়িত্বে ছিলেন। শুক্রবার রাতে কোনও বিষয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়। ক্রমেই সেই ঝগড়া বাড়ে। তারপরেই নিজের সার্ভিস রিভলভার থেলে দশরথের উপর গুলি চালান কারনাইল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারপর নিজেকে গুলি করে শেষ করে দেন কারনাইল।
কী নিয়ে দুই জওয়ানের মধ্যে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে পুরো ঘটনা বোঝার চেষ্টা করছে পুলিশ। দুই জওয়ানের সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। লোধি এস্টেটের মতো এলাকায় এই ঘটনা ঘটায় কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।