দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে উৎসব করছে বিজেপি। দীর্ঘ দিনের লড়াই সফল হয়েছে। উঠে গিয়েছে ৩৭০ ধারা। জম্মু ও কাশ্মীর থেকে উঠে গিয়েছে স্পেশাল স্ট্যাটাস। উত্তরপ্রদেশের মুজফফরনগরে উৎসব চলছিল বিজেপি-র। সেখানেই বিধায়ক বিক্রম সাইনি এমন মন্তব্য করলেন, যা নিয়ে তৈরি হল জোর বিতর্ক। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্য, “ফর্সা টুকটুকে কাশ্মীরি মেয়েদের বিয়ে করতে পারবেন। আর কোনও বাধা রইল না।”
তাঁর কথায়, “কর্মীরা আজ ভীষণ খুশি। সংখ্যালঘু বিজেপি কর্মীরা উচ্ছ্বাস করছেন। আগে কোনও কাশ্মীরি মেয়ের সঙ্গে উত্তরপ্রদেশের কারও বিয়ে হলে নাগরিকত্ব বদলাতে হতো। উপত্যকার মেয়েদের বাইরে বিয়ে হলে নাগরিকত্ব বাতিল হতো। ভারত আর কাশ্মীর আলাদা ছিল। এখন সবটা এক হয়ে গিয়েছে। হিন্দু, মুসলমান- সব ধর্ম, গোটা দেশ উৎসব করছে।” তিনি আরও বলেন, “এ বার আর বিয়েতে কোনও পাঁচিল রইল না। ওখানকার ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন উত্তরপ্রদেশের নাগরিকও। মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। গোটা দেশের স্বপ্ন পূরণ করেছেন।”
সোমবার রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর মঙ্গলবার ৩৭০টি ভোট পেয়ে পাশ হয়ে গিয়েছে ৩৭০ ধারা বিলোপের বিল। পাশ হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাবও। ওই ঘোষণার পর থেকেই কাশ্মীরের জমি কেনা এবং ওখানকার মেয়েদের বিয়ের বিষয়টি বারবার করে সামনে এসেছে। কিন্তু তা যে কেউ এমন ভাবে উপস্থাপন করতে পারেন, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। বিজেপি বিধায়কের এ হেন মন্তব্যে অনেকেই পুরুষতান্ত্রিকতা দেখছেন। সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার তিরে বিদ্ধ এই বিধায়ক।