দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে গুলি চলল কলকাতা শহরে। গুলিবিদ্ধ হলেন এক আরএসএস কর্মী। জখম স্বয়ংসেবক বছর ৩০-এর বীরবাহাদুর সিংকে ভর্তি করা হয়েছে এসএসকেম হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার করে গুলি বের করতে হবে। এই ঘটনা নিয়ে প্রত্যাশিত ভাবেই মেরুকরণের রাস্তায় হাঁটতে শুরু করেছে বিজেপি। দলের রাজ্যসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ টুইট করে লিখেছেন, “বাংলায় হিন্দুরা এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিপদের মধ্যে রয়েছে।”
এদিন সকাল ১০টা নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে মেটিয়াবুরুজের মজলিস তালাও এলাকায়। পুলিশকে বীরবাহাদুর জানিয়েছেন, দুষ্কৃতীরা এসেছিল মোটর সাইকেলে চেপে। গুলি করেই পালিয়ে যায় তারা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত গুলিবিদ্ধ আরএসএস কর্মীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
https://twitter.com/DilipGhoshBJP/status/1201489927919132672
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, যে বাড়িতে বীরবাহাদুর ভাড়া থাকেন সেই বাড়িওয়ালার সঙ্গে একটা ঝামেলা চলছে। বাড়িওয়ালা চাইছেন প্রোমোটারকে দিয়ে ওই বাড়ি ভেঙে বহুতল বানাতে। অনেকগুলি পরিবার প্রোমোটার ও বাড়িওয়ালার শর্ত মেনে উঠে গেলেও বীরবাহাদুর ও অন্য একটি পরিবার এখনও রয়েছে। সেই সূত্রেই এই গুলি চালানোর ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।