দ্য ওয়াল ব্যুরো: একা করোনায় রক্ষে নেই জাইকা হল দোসর!
এমনিতেই কেরলের কোভিড সংক্রমণ উদ্বেগজনক জায়গায় রয়েছে। গতকাল মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে মহারাষ্ট্র এবং কেরলের পরিস্থিতি নিয়ে গভীর উত্কন্ঠা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তার মধ্যেই জানা গেল কেরলে জাইকা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে।
ইতিমধ্যেই উপসর্গ দেখে তিরুঅনন্তপুরম, কান্নুর এবং কোচির ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পাঠানো হয়েছে পুণের পরীক্ষাগারে। তবে কেরল সরকার ইতিমধ্যেই জানিয়েছে ১৩ জনের প্রত্যেকেই জাইকা পজিটিভ।
জাইকা মশাবাহিত রোগ। মূলত এডিস মশাদের থেকে এই ভাইরাস ছড়ায়। এই রোগের উপসর্গ হল, জ্বর, গলায় ইনফেকশন, ত্বকে চাকা চাকা দাগ, অসম্ভব মাথা যন্ত্রণা, শরীরের গাঁটে গাঁটে ব্যথা ইত্যাদি।
কেরলে প্রতি বছরই প্রায় জাইকা সংক্রমণ ছড়ায়। স্বাস্থ্য মহলের মতে, ডেঙ্গির মতো জাইকার মশাও পরিষ্কার জলে জন্মায়। নতুন সংক্রমণ স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে সরকারকে।
গর্ভবতী মহিলাদের জাইকা সংক্রমণ হলে তা মারাত্মক। গর্ভস্থ শিশুর সুস্থ ভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে তা প্রভাব ফেলতে পারে।