দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়াল। কোভিড সংক্রমণে মৃতের সংখ্যাও পেরিয়েছে ৩ লক্ষ। তবে এত কিছুর মধ্যেও সারা বিশ্বে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১৯ লক্ষ মানুষ। পৃথিবীতে এখন কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৪৮,১৫,৭০৭। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,১৬,৮৬০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮,৬৩,৩৮১ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ পেরিয়েছে ইতিমধ্যেই। সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৫,২৭,৬৬৪ জন। মৃত্যু হয়েছে ৯০,৯৭৮ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩,৪৬,৩৮৯ জন। শুধুমাত্র নিউ ইয়র্কেই করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫৯,৮৪৭ জন। আর সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮,৩২৫ জনের। এরপরেই রয়েছে নিউ জার্সি। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৮,১৯৭। সংক্রমণে মৃত্যু হয়েছে ১০,৩৬৬ জনের।
রাশিয়ার ক্রমবর্ধমান কোভিড পরিসংখ্যান দেখে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। পুতিনের দেশে ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ২,৯০,৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৮৯২৬ জনের শরীরে। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে রুশ দেশে মৃত্যু হয়েছে ২৭২২ জনের। নতুন করে মৃত্যু হয়েছে ৯১ জনের। আর সংক্রমণ সারিয়ে রাশিয়ায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০,২০৯ জন। সমস্ত ইউরোপীয় দেশগুলিকে ছাপিয়ে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে রয়েছে রাশিয়া।
হঠাৎ করেই কোভিড আক্রান্তের সংখ্যা কার্যত হু হু করে বেড়েছে ব্রাজিলে। এখানে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,৪১,০৮০। সংক্রমণে মৃত্যু হয়েছে ১৬,১২২ জনের। ইতিমধ্যেই ব্রাজিলে সুস্থ হয়েছেন ৯৪,১২২ জন। রাশিয়ার মতো ব্রাজিলের কোভিড-১৯ পরিসংখ্যানও চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।
ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৭৭,৭১৯ জন। মৃত্যু হয়েছে ২৭,৬৫০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১,৯৫,৯৪৫ জন। ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ২,৪৩,৬৯৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৪,৬৩৬ জনের। কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যার নিরিখে ইউরোপীয় দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে ব্রিটেন। আক্রান্তের সংখ্যাতেও ইতালিকে ছাপিয়ে গিয়েছে ব্রিটেন।
ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৫,৪৩৫। মৃত্যু হয়েছে ৩১,৯০৮ জনের। সুস্থ হয়েছেন ১,২৫,১৭৬ জন। ফ্রান্সে কোভিড আক্রান্তের সংখ্যা ১,৭৯,৫৬৯। মৃত্যু হয়েছে ২৮,১০৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬১,২১৩ জন। আর জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৬,৬৫১। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৮০৪৯ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১,৫৪,৬০০ জন।