
শেষ আপডেট: 25 October 2020 05:19
এ পর্যন্ত দেশে ১ লাখের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে ঠিকই, তবে মৃত্যুহার ১.৫১ শতাংশ। যদিও এত ঘনজনসংখ্যার দেশে কম মৃত্যুহারেও মৃত্যুর সংখ্যা যথেষ্ট। কেন্দ্রের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
যদিও স্বাস্থ্য মন্ত্রকের দাবি, করোনায় মৃত্যুর অধিকাংশই কোমর্বিডিটির কারণে। প্রায় ৬০ শতাংশ করোনা রোগী হার্টের রোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ফুসফুসের রোগ বা ক্রনিক কিডনির রোগ, ক্যানসার ইত্যাদি জটিল রোগে আক্রান্ত। প্রবীণরা শুধু নয়, ৪০ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে কোমর্বিডিটির কারণে মৃত রোগীর সংখ্যাই বেশি।
তবে এসবের পাশাপাশি করোনায় সুস্থতার হারও বেড়ে হয়েছে ৯০ শতাংশ। ৭০ লাখ কোভিড রোগী সেরে উঠেছেন। একদিনে রোগ সারিয়েছেন ৬২ হাজারের বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং, কনটেইনমেন্ট ও ট্রিটমেন্টেই সংক্রমণে লাগাম পরানো গেছে। করোনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে দেশে।