দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ভাণ্ডুপে টুর্নামেন্ট খেলতে গিয়েছিল চব্বিশ বছরের বৈভব কেসরকর। ম্যাচ চলাকালীন ব্যাট করতে করতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন বৈভব। কিন্তু খেলা ছাড়েননি। খানিক বিরতি নিয়েই ফের ক্রিজে ফিরে আসেন ওই তরুণ। কিন্তু বাড়তে থাকে বুকের ব্যথা। শেষে আম্পায়ারের সঙ্গে কথা বলেই মাঠ ছাড়েন বৈভব। গিয়ে বসেন প্যাভিলিয়নে।
একটু পরেই গ্যালারিতে বসা বৈভবের সতীর্থরা খেয়াল করেন তাঁর শরীর বিশেষ ভালো নেই। বৈভবের এক বন্ধু রাকেশ পাওয়ার জানান, বুকে ব্যথা বেড়েই চলেছিল তাঁর বন্ধুর। শারীরিক পরিস্থিতির অবনতি হতে দেখে তড়িঘড়ি বৈভবকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ভাবসর মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের কোনও ওষুধেই সাড়া দেননি বৈভব। ট্রিটমেন্ট চলাকালীনই মৃত্যু হয় তাঁর। ডাক্তার সত্যেন ভাবসর চিকিৎসা করেছিলেন বৈভবের। তিনি জানিয়েছেন, সম্ভাব্য সব চেষ্টাই করেছিলেন তাঁরা। দেওয়া হয়েছিল প্রয়োজনীয় সব ওষুধও। কিন্তু কোনও কিছুতেই সাড়া দেননি চব্বিশ বছরের এই তরুণ। আচমকা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয় তাঁর।
বৈভবের বন্ধু রমেশ জানিয়েছেন, হাতে চাকরি ছিল না কেসরকরের। পরিবারেও ছিল আর্থিক টানাটানি। মানসিক ভাবে ভীষণ চাপে ছিলেন বৈভব। কিন্তু বন্ধুদের কখনই সেসব বলতেন না তিনি। সবার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতেন। অন্যের বিপদে সাহায্যে এগিয়ে আসতেন। আর খেলা ছিল তাঁর প্রাণ। বৈভব যে একজন ভালো ক্রিকেটার ছিলেন এ কথা বারবার উল্লেখ করেছেন রমেশ।