দ্য ওয়াল ব্যুরো: চারদিকে রুক্ষ পাথুরে পাহাড়। নীচে গভীর নদী। যাতে নদীতে না পড়তে হয় সেই জন্য পাহাড়ের গা বেয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে বাদামি রংয়ের এক পূর্ণবয়স্ক ভল্লুক। কিন্তু আচমকাই পাহাড়ের উপর থেকে ভল্লুকটির দিকে পাথর ছুড়তে শুরু করলেন স্থানীয় গ্রামবাসীরা। আর টাল সামলাতে পারেনি ভল্লুকটি। ছিটকে সটান পড়ে যায় নীচের নদীতে।
৮ সেকেন্ডের এই শিউরে ওঠার মতো ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল দুনিয়ায়। জম্মু ও কাশ্মীরের কার্গিলে জেলায় দ্রাস এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের তাড়া খেয়েই পালাচ্ছিল ভল্লুকটি। কিন্তু আচমকাই পাহাড়ার ধার ঘেঁষে পড়ে যায় সে। এক্কেবারে নদীতে গিয়ে যাতে পড়তে না হয় সে জন্য প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল ভল্লুকটি। রুক্ষ পাহাড়ের গা বেয়ে উঠেই তাই কোনওমতে প্রাণ বাঁচাতে চেয়েছিল সে। কিন্তু শত চেষ্টার পরেও পাহাড় থেকে ছিটকে সেই নদীতেই গিয়ে পড়ে ভল্লুকটি। গ্রামবাসীদের ছোড়া পাথরের আঘাতে ভয়ে-আতঙ্কে আর টাল সামলাতে পারেনি।
ভিডিয়ো-তে দেখা গিয়েছে, পাহাড়ের উপর থেকে ক্রমাগত ভল্লুকটিকে তাক করে পাথর ছুড়ছিলেন গ্রামবাসীরা। এমনকী যখন ভল্লুকটি ছিটকে নীচের গভীর নদীতে পড়ে যাচ্ছিল তখন গ্রামবাসীদের মধ্যে অনেকের গলাতেই শোনা গিয়েছিল পৈশাচিক উল্লাস। দ্রাস এলাকার স্থানীয়দের এমন বর্বরতা দেখা শিউরে উঠেছে নেট দুনিয়া। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি অত্যন্ত অমানবিক এবং মর্মান্তিক বলে ভিডিয়ো টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।
ওই গ্রামবাসীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন পশু প্রেমী সংগঠনও। অবিলম্বে পাথর ছুড়ছিলেন যাঁরা তাদের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন নেটিজেনরা। যদিও এই ঘটনায় যাঁরা জড়িত এখনও তাঁদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জম্মু ও কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই ব্রাউন বিয়ারটির খোঁজ চালানো হচ্ছে। বেশ কয়েকটি বিশেষ দল এই সার্চ অপেরেশনে যুক্ত করা হয়েছে। একটি এফআইআর-ও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
https://twitter.com/MehboobaMufti/status/1126715937288146944