
শেষ আপডেট: 23 March 2023 03:23
দ্য ওয়াল ব্যুরো: ৪ দিনের শিশুকে (Newborn) পায়ে পিষে (Trampled) মারার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার কোসোগন্ডোদিঘি গ্রামে। এই শিশু হত্যার ঘটনায় ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি ঘটনার তদন্তের জন্য ওই শিশুটির বাড়ি গিয়েছিল পুলিশ। দেওরি থানার পুলিশ অফিসার সঙ্গম পাঠকের নেতৃত্বে একটি দল অভিযুক্ত ভূষণ পাণ্ডের বাড়িতে যায়। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা জারি হয়েছিল। এই ভূষণ পাণ্ডে মৃত শিশুটির ঠাকুরদাদা। বাড়ি গিয়ে পুলিশ দেখে কেউ নেই, কেবল একটি শিশু ঘুমাচ্ছে। অভিযোগ, নবজাতককে তখনই পায়ে পিষে মারে পুলিশ (police)।
নিহত শিশুটির মা সংবাদমাধ্যমে বলেন, পুলিশের লোকজন যখন বাড়িতে তল্লাশি করছিলেন, তখন তার চার দিনের শিশুটি ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। তারা চলে যাওয়ার পর বাড়িতে পৌঁছে তিনি তাঁর সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।
শিশুটির মা-সহ বাড়ির অন্যান্য সদস্যদের অভিযোগ, পুলিশের লোকজনই শিশুটিকে পায়ে ডলে করে হত্যা করেছে।
শিশু মৃত্যুর ঘটনায় পুলিশ সুপার সঞ্জয় রানা জানান, 'এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।'
এই নৃশংস ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা। তিনি জানিয়েছেন, 'এ ধরনের ঘটনায় দোষী কঠোর শাস্তি পাবে। এই দেশ সংবিধান অনুযায়ী চলে, প্রমাণ হলে পুলিশকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'