
শেষ আপডেট: 22 May 2023 11:54
দ্য ওয়াল ব্যুরো: নতুন জার্সিতে (New India Jersey) টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তাদের কিট স্পনসর হচ্ছে জার্মানির অ্যাডিডাস কোম্পানি। যারা আবার লিওনেল মেসিদেরও কিট স্পনসর। কোহলিরা জুড়ে গেলেন মেসিদের সঙ্গে।
ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন এই খবরের সত্যতা মেনেছে। মোট ৩৫০ কোটি টাকার চুক্তি হয়েছে ওই বহুজাতিক সংস্থার সঙ্গে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাসের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করেছেন সচিব জয় শাহ।
টুইটারে তিনি জানিয়ে দিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে। আমরা ক্রিকেটের প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুশি, স্বাগত অ্যাডিডাস।’
ভারতীয় দলের বর্তমান কিট স্পনসর কিলার জিনসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ৩১ মে। ৭ জুন থেকে শুরু হওয়া টেস্ট বিশ্বকাপের ফাইনালে অ্যাডিডাসের জার্সি পরেই মাঠে নামবেন কোহলিরা। লিওনেল মেসির স্পনসর হল অ্যাডিডাস। জার্মানি, আর্জেন্তিনা, স্পেনের মতো দেশেরও কিট স্পনসর জার্মানির এই সংস্থা।
এদিকে, আগামী মঙ্গলবার টেস্ট বিশ্বকাপের ফাইনালের জন্য দেশ ছাড়ছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট। এমনকী যাবেন বাংলার পেসার মুকেশ কুমার। যেসব ক্রিকেটারদের দল আইপিএল থেকে বিদায় নিয়েছে, তাঁরাই আগে ইংল্যান্ডে চলে গিয়ে প্রস্ততি শুরু করে দেবেন। কাউন্টি থেকে দলের সঙ্গে যোগ দেবেন চেতেশ্বর পূজারা।