.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 March 2025 08:22
দ্য ওয়াল ব্যুরো: ৪৫ দিন ব্যাপী অমৃত কুম্ভ স্নান (Kumbh bath) কর্মসূচি শেষ হয়েছে। দেশ-বিদেশ মিলিয়ে ৬৫ কোটি মানুষ প্রয়াগরাজের গঙ্গায় (Ganga in Proyagraj) স্নান করেছেন। মেলা আস্তে আস্তে গোটানোর কাজ শুরু করেছে প্রশাসন। একে একে ফিরে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। স্থায়ী কর্মস্থলে ফিরছে পুলিশ-প্রশাসনের কর্মচারীরা। দু’মাসের বেশি তাদের অস্থায়ী কর্মস্থল ছিল প্রয়াগরাজের কুম্ভ মেলা নগরী।
তবে কুম্ভ নিয়ে দায়িত্ব এখনই শেষ হয়ে যাচ্ছে না প্রশাসনের। যোগী সরকার (Yogi government) ঘোষণা করেছে, প্রয়াগরাজের গঙ্গার পবিত্র জল (holy water) এবার উত্তর প্রদেশের ৭৫ জেলায় আগামী কয়েক মাস ধরে বিলি করা হবে। মহাকুম্ভ মেলা প্রাঙ্গনের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রমোদ শর্মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশ সব জেলা সদর থেকে কুম্ভের প্রবিত্র জল বিলির ব্যবস্থা করছেন তারা।
প্রমোদ শর্মা জানান, অমৃতকুম্ভে যারা যোগ দিতে পারেননি, ইচ্ছে থাকলেও প্রয়োগরাজের গঙ্গায় ডুব দেওয়ার সুযোগ হয়নি, তাদের জন্য এই আয়োজন। প্রত্যেক জেলা সদর থেকে প্রয়াগরাজের গঙ্গার জল সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে। কবে থেকে এই কর্মসূচি শুরু হবে তা সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে সরকার। প্রশাসন মনে করছে, জল বিতরণ কর্মসূচিতেও ভিড় উপচে পড়া অসম্ভব নয়।
বিরোধীরা সমালোচনা করলেও যোগী সরকারের দাবি, তারা ৬৫ কোটি মানুষকে স্নানের সুযোগ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে। পৃথিবীর কোথাও এত মানুষের একত্রে ধর্মাচরণের নজির নেই। যদিও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরোধী দলগুলি যোগী প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে। বলেছে, কুম্ভে লোক সমাগম নিয়ে প্রশাসনের কোনও ধারণাই ছিল না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi) প্রশংসা করেছেন যোগী সরকারের আয়োজনের। রাজনৈতিক মহল মনে করছে, কুম্ভের রেশ ধরে রাখতেই জল বিতরণ কর্মসূচি নেওয়া হচ্ছে। এই কর্মসূচি বেশ কয়েক মাস ধরে চলবে। সরকারি আধিকারিকেরা বলছেন, হিন্দু (Hindu) ধর্মাবলম্বী সব মানুষকে পূর্ণ্যার্জনের সুযোগ দিতে সরকারি উদ্যোগে দুয়ারে পবিত্র জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।