
শেষ আপডেট: 19 November 2023 22:08
দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলেছিল পুলিশ। নির্দেশ মতো রবিবার রাতে গড়ফা থানায় এলেন নওসাদ সিদ্দিকী। সঙ্গে আনলেন, সবুজ ব্যাগে ভরা কম্বল। কিন্তু থানায় হাজিরা দিতে হাতে কম্বল কেন? আসলে ঠান্ডার মরমুমে যদি থানায় থাকতে হয়! তাই আগে থেকেই সাবধনতা অবলম্বন। কম্বল সঙ্গে নিয়েই সটান থানায় ঢুকলেন আইএসএফ বিধায়ক।
ইএম বাইপাসে হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বিধায়কের গাড়ি চালকের বিরুদ্ধে। সেই ঘটনায় গত বৃহস্পতিবার নওসাদকে নোটিস দেয় পুলিশ। নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আইএসএফ নেতাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
থানায় ঢোকার আগে তাঁর হাতে কম্বলের ব্যাগ দেখে খানিকটা অবাক হয়ে যান উপস্থিত সাংবাদিকরা। এই বিষয়ে প্রশ্ন করতেই নওসাদের বক্তব্য ছিল, “কম্বল নিয়ে এসেছি। বিশ্বাস তো নেই এদের। ঠান্ডাতে আমি একটু দুর্বল। যদি রাখে থেকে যাব। কম্বল সঙ্গে করে নিয়ে এসেছি তাই।”
গত মঙ্গলবার জয়নগর থেকে রাতে গাড়ি নিয়ে ফিরছিলেন নওসাদ। তখনই কালিকাপুর এলাকায় ঘটনাটি ধটেছিল। রেজিস্টার তাঁর অভিযোগে জানিয়েছেন, বাইপাসের কালিকাপুরের রাস্তায় বিধায়কের স্করপিও তাঁর গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়ি থামিয়ে দেন রেজিস্টারের চালক। নওসাদের গাড়ির চালকও গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই রেজিস্টারের চালককে চড় মারেন নওসাদের চালক। এরপরই ভাঙড়ের বিধায়ককে গড়ফা থানায় ডেকে পাঠানো হয়। বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে থানায়।
এরপরই পাল্টা ইমেল করে নওসাদ জানায়, আগাম কর্মসূচী থাকায় ৭২ ঘন্টার মধ্যে তিনি হাজিরা দিতে পারবেন না। তবে তিনি যে ঠিক উপস্থিত হবেনই সেকথাও ইমেলেও জানিয়েছিলেন। সেইমতোই রবিবার সন্ধ্যায় গড়ফা থানায় যান তিনি।