
শেষ আপডেট: 6 March 2024 09:33
দ্য ওয়াল ব্যুরো: বিগত দু’মাস ধরে সন্দেশখালিকাণ্ডে সরগরম বাংলা। রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশে সন্দেশখালির মহিলাদের নির্যাতনের খবর পৌঁছে গিয়েেছে। আর এবার শেখ শাহজাহান বাহিনীর দৌরাত্ম্যের শিকার হওয়া গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বারাসতের সভা থেকেই সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন তিনি।
বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রীকে নিজেদের বিভিন্ন অভাব অভিযোগ জানাতে রওনা হয়েছেন সন্দেশখালিবাসীরা। এদিকে মোদীর সভার আগের দিনই পুলিশের তলবের অভিযোগ উঠল। গ্রামের এক মহিলা জানিয়েছেন, কোনও অভিযোগ না জানালেও বুধবারই থানায় তাঁকে তলব করে পুলিশ। মোদীর সভায় যাওয়ার আগের দিনই তাঁর বাড়িতে হাজির হন চার মহিলা পুলিশ কনস্টেবল। যদিও সেই তলব উপেক্ষা করে মোদীর সভাতেই যাচ্ছেন তিনি।
মাস দু'য়েক ধরে অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই আবহে আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। সকাল সকাল সন্দেশখালির ঘাটে জড়ো হয়েছেন মহিলারা। কীভাবে তাঁরা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তা জানানোর পরিকল্পনা রয়েছে গ্রামবাসীদের। সন্দেশখালির কথা নিজের দলের প্রতিনিধিদের কাছে বারবার শুনেছেন মোদী। তবে এবার সন্দেশখালির মানুষের থেকেই তাঁদের অভিযোগের কথা শুনতে চান তিনি।
বুধবার দিনভর রাজ্যে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচী রয়েছে। মঙ্গলবার রাতেই কলকাতায় পা রেখেছেন মোদী। এদিন সকাল ৯ টা ৫০ মিনিট নাগাদ রাজভবন থেকে বেরিয়ে প্রথমে হাওড়া ময়দান-ধর্মতলা, কবি সুভাষ থেকে রুবি ও তারাতলা-মাঝেরহাট মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর বারাসতের জনসভায় যাওয়ার কথা রয়েছে। বারাসতের কাছারি ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদী। অংশ নেবেন বিজেপি মহিলা মোর্চার নারী শক্তি বন্দন অনুষ্ঠানে। দেশের ৪ হাজার ১০০ জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিজেপি।