
প্রেসক্রিপশনে ঘাটালের ডাক্তারবাবুর প্রতিবাদ
শেষ আপডেট: 3 September 2024 14:09
দ্য ওয়াল ব্য়ুরো, পশ্চিম মেদিনীপুর: কলকাতার পুলিশ সুপারের পদত্যাগের দাবি জানিয়ে লালবাজারের সামনে বিক্ষোভে অনড় জুনিয়ার ডাক্তাররা। আরজি কর কাণ্ডের সঠিক বিচার চাইছেন সকলস্তরের মানুষ। এবার প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখার পরে সেখানে 'আরজি করের ঘটনার বিচার চাই' বলে স্ট্যাম্প মেরে দিচ্ছেন ডাক্তারবাবুরা। চিকিৎসকদের এই অভিনব প্রতিবাদ অনেকের নজর এড়ায়নি। ঘাটালের এক ডাক্তারবাবু এভাবেই আরজি কর কাণ্ডের সঠিক বিচার চেয়েছেন প্রেসক্রিপশনে।
শুধু সুমন্ত পাঁজাই নন, এর আগে আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে একই পথ প্রতিবাদ জানিয়েছিলেন হেলথ সার্ভিস ডক্টর্সের রায়গঞ্জ শাখার সম্পাদক দেবব্রত রায়।
ঘাটালের অর্থোপেডিক ডাক্তার সুমন্ত পাঁজা। রোগীর দেখার পরে প্রেসক্রিপশনে ওষুধ লেখার পাশাপাশি 'আরজি করের ঘটনার বিচার চাই' বলে স্ট্যাম্প মেরে দিচ্ছেন। ডাক্তারবাবুর এমন প্রতিবাদ নিয়ে রোগীরাও তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁরা বলছেন, 'ডাক্তার সুমন্ত পাঁজার এমন প্রতিবাদ আন্দোলনকে প্রতিবাদের নয়া ভাষা দিচ্ছে।'
ডাক্তার সুমন্ত পাঁজা বলেন, 'রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। কলকাতার মিছিলেও সামিল হয়েছিলাম। ঘাটালেও প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। প্রেসক্রিপশনে স্ট্যাম্প দিয়ে আরজি করের জন্য বিচার চাই। অপরাধী চক্রের বিনাশ চাই। এই ভাবে প্রতিবাদ জানানর একটাই লক্ষ্য, সাধারণ মানুষ কাছে যে ডাক্তারদের এই প্রতিবাদের বার্তা পৌঁছয়।'