
শেষ আপডেট: 12 April 2023 11:03
দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) স্বপ্নের দৌড় চলছেই। তারা নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) বায়ার্ন মিউনিখকে (Bayern Munich) ৩-০ গোলে হারিয়েছে। এই বায়ার্নই সম্প্রতি মেসিদের পিএসজি-কে হারিয়েছিল। এবার তারাই পেপ গুয়ার্দিয়লার দলের কাছে বিধ্বস্ত হয়েছে।
বায়ার্নের বিপক্ষে এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ম্যান সিটি। ফিরতি লেগে বায়ার্নকে জিততে হবে অন্তত ৪ গোলের ব্যবধানে। তবে নতুন কোচ টমাস টুখেলের বায়ার্নের হয়ে অভিযান মোটেও সুখের হল না।
মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টারে ছিল তুমুল ঝড় ও বৃষ্টি। এর মধ্যেও খেলা গড়ায় এবং দুই দলই তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দিয়েছেন ম্যান সিটির তারকারা।
২০১৬ সালে বায়ার্ন ছাড়ার পরে এই প্রথম জার্মান ক্লাবের মুখোমুখি হলেন কোচ পেপ গুয়ার্দিয়লা। পুরনো ক্লাবের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা দেখাননি ম্যান সিটি কোচ। আবার টমাস টুখেলের সঙ্গে পেপেরও দ্বৈরথ হল। এর আগে ২০২১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির মুখোমুখি হয় ম্যান সিটি। সেবার চেলসির কোচ ছিলেন টুখেল। ওই ম্যাচে হারতে হয় ম্যান সিটিকে। ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণের পরও গোল হয়নি। অবশেষে গোল পান রদ্রি।
দ্বিতীয়ার্ধে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্ডো সিলভা। দুর্দান্ত এক হেড থেকে বায়ার্নের জালে বল জড়ান তিনি। এরপর ৭৬ মিনিটে তৃতীয় গোলটি আসে ম্যান সিটির ‘গোল মেশিন’ খ্যাত আর্লিং হালান্ডের পা থেকে। তিনি মরশুমে ৪৫টি গোল করে নজির গড়লেন।
সব মিলিয়ে ম্যান সিটি এ নিয়ে টানা নয়টি ম্যাচ জিতল। এই ৯টি ম্যাচে ৩৪ গোল দিয়েছে তারা। পাশাপাশি হজম করল মাত্র ৩টি।
কোন দোকানে কত বড় মিষ্টির প্যাকেট দেবে, তাই নিয়েই আলোচনা করতাম তিন ভাইবোন