
শেষ আপডেট: 19 January 2019 13:21
কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, ৫৯ হাজার কোটি টাকার রাফায়েল চুক্তিতে স্বচ্ছতার অভাব ছিল। তাতে মোদীর বন্ধু শিল্পপতি অনিল আম্বানিকে বড় অঙ্কের অর্থ লাভের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
শত্রুঘ্নর অভিযোগ, অনিল আম্বানির কোম্পানি তো সাইকেলের চাকাও তৈরি করতে পারে না। তারা প্লেনের যন্ত্রাংশ তৈরি করবে কী করে? তারা রাফায়েল ডিলের পার্টনার হয়ে গেল কীভাবে? প্রধানমন্ত্রীকে অবশ্যই তার জবাব দিতে হবে।
তিনি প্রশ্ন করেন, হিন্দুস্তান অ্যারোনেটিকসের তো মিগ এবং সুখোই বিমান বানানোর অভিজ্ঞতা ছিল। তার বদলে কেন পার্টনার করে নেওয়া হল মাত্র ১০ দিনের পুরানো একটি কোম্পানিকে? তার ব্যাঙ্ক ব্যালেন্স ছিল শূন্য। অভিজ্ঞতাও শূন্য।
অন্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী কেবল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। বড় বড় কথা বলছেন। তবে তাতে আর কাজ হবে না। দেশের মানুষ এখন নিজের চোখেই সব দেখছে। তাঁর কথায়, ‘নয়ে ওয়াদে হো রহে হ্যায়, কাজ কুছ নেহি। প্রতিশ্রুতি আর কাজের মধ্যে বিরাট ফারাক থেকে যাচ্ছে’।
এদিন ব্রিগেডে ভাষণ দেন বিজেপির আর এক প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরি। প্রাক্তন সাংবাদিক শৌরি মমতাকে বলেন, ‘বাংলার বাঘিনী’। তাঁর কথায়, বাংলার বাঘিনী ডাক দিয়েছে, বিজেপি হটাও। আমি নিশ্চিত, এবার বিজেপি ক্ষমতা থেকে যাবেই।
বিরোধী নেতাদের উদ্দেশে তাঁর আহ্বান, মহাভারতের অর্জুনের মতো হন। আগামী লোকসভা নির্বাচনে সকলের একটাই লক্ষ হোক, বিজেপিকে ক্ষমতা থেকে হটানো।