
রূপা গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 10 April 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি ভবনের (SSC) সামনে অনশন শুরু করেছেন চাকরিহারারা (Jobless Teachers)। তাঁদের মূল দাবি একটাই, ওএমআর শিটের মিরর প্রকাশ করুক এসএসসি। তাতেই স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য কিংবা কারা অযোগ্য। যতক্ষণ না তা করা হচ্ছে, ততক্ষণ অনশন, বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। চাকরিহারাদের পাশে দাঁড়াতে সকালেই সল্টলেকে গেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিশেষ 'অনুরোধ' জানিয়েছেন তিনি।
যোগ্য-অযোগ্য কারা, তা নিয়ে সংশয় কাটছে না। চাকরিহারাদের তরফে দাবি করা হয়েছে, ২৬ হাজারের মধ্যে ১৮ হাজারই যোগ্য শিক্ষক। তাঁদের তালিকা এসএসসি বের করতে পারে। কিন্তু তা করা হচ্ছে না। তবে রূপার মতে, মুখ্যমন্ত্রী চাইলেই তা বের করে দিতে পারেন। শুধু ইচ্ছে থাকা দরকার। এসএসসি ভবনের সামনে বসে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ''মুখ্যমন্ত্রী চাইলেই সমস্যার সমাধান করতে পারেন, যোগ্যদের লিস্ট বের করতে পারেন। দু-একদিনের মধ্যে তিনি এটা করুন, আমি ব্যক্তিগতভাবে তাঁর ধন্য-ধন্য করব।'' রূপার খোঁচা, মঞ্চে উঠে ভাষণ দিয়ে এবং কবিতা বলে আর লাভ হবে না মুখ্যমন্ত্রীর। তাঁর উচিত, এবার প্রত্যক্ষভাবে পদক্ষেপ করে সমস্যা মেটানো।
বিজেপি নেত্রীর এও বক্তব্য, যারা অযোগ্য তাঁদের শুধু চিহ্নিত করে দিলেও হবে, যারা ঘুষ দিয়েছেন বা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা দেখান, সেই তালিকা বের করতে। রূপার কথায়, 'একমাত্র মুখ্যমন্ত্রীর দফতর এবং মুখ্যমন্ত্রী নিজে পারেন, সেই তালিকা প্রকাশ করতে।' প্রসঙ্গত, চাকরিহারাদের অবস্থানে গেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষও। তাঁরাও তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, 'ভয় পেয়ে সরে গেলে চলবে না। লড়ে যেতে হবে। আমরা সবাই একসঙ্গে লড়ব।' এর আগে চাকরিহারাদের একটা অংশ যখন তাঁর সঙ্গে দেখা করেছিলেন তখন অভিজিৎ স্পষ্টত বলেছিলেন, আন্দোলন না করলে ডুবে মরতে হবে। এসএসসি ভবনের সামনে গিয়ে চাকরিহারাদের আবারও সেটাই বোঝাতে চেয়েছেন বিজেপি সাংসদ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনও এসএসসি ভবনের সামনে থেকে জানিয়েছেন, তাঁরা আবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আলোচনার চেষ্টা করছেন। মিরর ইমেজ যে প্রকাশ করা যায় তা স্পষ্ট। কিন্তু কেন এখনও করা হচ্ছে না, সেই প্রশ্নই করবেন তাঁরা।