
শেষ আপডেট: 12 January 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লির পর এবার কলকাতাতেও চালুু হতে চলেছে চালকবিহীন মেট্রো পরিষেবা। অটোম্যাটিক ট্রেন অপারেশন (এটিও) প্রযুক্তির সাহায্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ প্রায় শেষের পথে।
মেট্রো রেল সূত্রে খবর, প্রযুক্তি নির্ভর এই মেট্রো চলাচল ব্যবস্থা শুরুর দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। ট্রায়াল রান হিসেবে প্রথমে চালক বিহীন মেট্রো চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে। পরবর্তীতে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো পথেই চলবে প্রযুক্তি নির্ভর এই মেট্রো। ফলে চালক ছাড়াই কলকাতার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটবে মেট্রো রেল।
সফলতা এলে আগামী দিনে নিউ গড়িয়া-এয়ারপোর্ট এবং জোকা মেট্রো রুটেও চালকবিহীন মেট্রো পরিষেবা চালু করা হবে।
চালক যুক্ত মেট্রোর পরিবর্তে হঠাৎ প্রযুক্তি নির্ভর মেট্রোয় জোর কেন?
মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, 'হিউম্যান এরর' এড়াতেই এই পদক্ষেপ। এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও প্রায় থাকবে না বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষর।
মেট্রোর এক পদস্থ কর্তার কথায়, চালকের ভুলে অনেকসময় যাত্রীদের ঝুঁকিপূর্ণ যাত্রার সাক্ষী হতে হয়েছে। চালক ভুলবশত বাম দিকের পরিবর্তে ডান দিকের বোতামে হাত দিয়ে দিলে যান্ত্রিক গোলোযোগের সম্ভবনা থাকে। চালকের ভুলে অনেক সময় দরজা বন্ধ না হয়েই ছুটেছে মেট্রো। যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে প্রযুক্তি নির্ভর চালকবিহীন এই মেট্রোতে এই ধরনের ভুল হওয়ার সম্ভবনা নেই।
মেট্রো রেলের দাবি, উন্নত পরিকাঠামো ও প্রযুক্তির মেল বন্ধনে গড়ে ওঠা অত্যাধুনিক সিগন্যাল ব্যবস্থা পরিচালিত হয় কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের (সিবিটিসি) মাধ্যমে। ফলে চালকবিহীন রেকগুলি যন্ত্রের সাহায্যে পরিচালিত হয়। এক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও প্রায় থাকবে না।