
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 March 2025 21:07
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ক'দিন আগে লেকটাউনের (Laketown) একটি অফিসে হানা দিয়ে ২১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ভুয়ো কল সেন্টার (Fake Call Centre) খুলে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। শুক্রবার সল্টলেকে (Saltlake) এমন এক অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গয়না ও নগদ মিলিয়ে ৩ কোটি ৩ লক্ষের হদিশ মিলেছে।
লেকটাউনের ঘটনায় অস্ট্রেলিয়ার নাগরিকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ ছিল। সল্টলেকের অফিস থেকে আমেরিকানদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে বলে জেনেছে পুলিশ। সেই প্রেক্ষিতেই ওই অফিসে হানা দিয়ে প্রায় ৪০ লাখ টাকার গয়না উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কল সেন্টার মালিকের বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
সল্টলেক অঞ্চলে এমন একাধিক অবৈধ আন্তর্জাতিক কল সেন্টার রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেগুলিতেই অভিযান চালানো হচ্ছে। এর আগে সেক্টর ফাইভ, বাগুইআটিতে অভিযান চালিয়ে আরও একটি বেআইনি কল সেন্টারের হদিশ পেয়েছে পুলিশ। সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, ৬৭ লক্ষ টাকা বাজেয়াপ্তও করা হয়েছে। এই কল সেন্টার থেকেও বিদেশি নাগরিকদের ফোন করা হত টেক সাপোর্টের নাম করে। তারপর গিফট কার্ড বা বিট কয়েনের মাধ্যমে প্রতারকরা টাকা হাতাতো। এরপর তারা টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত।
এই অভিযানেও ধৃতদের কাছে থেকে উদ্ধার হয়েছে একাধিক কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ। পুলিশ জানিয়েছে, কথার জালে ফাঁসিয়ে বিদেশিদের কাছ থেকে ট্রান্সফার করানো হত বিপুল টাকা। পরিষেবা পাওয়ার আশায় সেই টাকা পাঠালেও, কোনও পরিষেবা মিলত না। এভাবেই চলত প্রতারণা। অনলাইন ট্রান্সফারের সুবিধা থাকায় অতি সহজেই টাকা হাতিয়ে নিতে পারত প্রতারকরা।