
শেষ আপডেট: 22 March 2024 22:09
দ্য ওয়াল ব্যুরো: জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে নতুন জট। জোকা থেকে বিবাদী পর্যন্ত মেট্রো লাইনে শেষ স্টেশন কোথায় হবে? তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের নয়া সিদ্ধান্ত ঘিরেই উদ্বেগে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
গত ১৫ মার্চ থেকে সাধারণ যাত্রীদের জন্য জোকা থেকে মাঝেরহাট মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এই লাইনের শেষ স্টেশনই ধর্মতলায় বিসি রায় মার্কেটের নিচে হওয়ার কথা ছিল। সেই মতো স্টেশন তৈরির জন্য মার্কেটটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কলকাতা মেট্রো এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো রূপায়ণকারী সংস্থা আরভিএনএল-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বিধান মার্কেট থেকে সব ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে।
এদিকে বিসি রায় মার্কেটের জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুনর্বাসনের জন্য তাঁরা কোনও জমি দেবে না। বিধান মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার জন্য সেনাবাহিনীর এলাকায় নতুন করে কোনও জায়গা দেওয়া সম্ভব নয়, সেনার তরফে এমনই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আর সেনার এই সিদ্ধান্তেই বিপাকে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এপ্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, পার্পল লাইনে বিসি রায় মার্কেটে এসপ্ল্যানেড স্টেশন তৈরির পরিকল্পনা করা হয়েছিল। বিসি রায় মার্কেট বেআইনি। প্রতিরক্ষামন্ত্রক স্টেশন তৈরির অনুমতি দিচ্ছে না। তাই ব্যবসায়ীরা না শুনলে সংশ্লিষ্ট জায়গায় স্টেশন তৈরি করা সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। স্বাভাবিকভাবেই জটিলতায় ওই প্রকল্প শেষ হতে আরও বেশ কয়েক বছর দেরি হওয়ার আশঙ্কা করছে মেট্রো কর্তৃপক্ষ।