
সন্দীপ ঘোষ
শেষ আপডেট: 3 September 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো: নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর অফিস। আর সেই বিল্ডিংয়েই আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই বিল্ডিংয়ের ৬ তলায় আগুন লাগে। যদিও দমকলবাহিনী অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেখান থেকে সিবিআই-এর দফতর অনেকটাই দূরে।
পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টারে আগুন লেগেছিল। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে বিল্ডিংয়ের কোনও রান্না ঘর থেকে এই আগুন লেগেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কারও আহত হওয়ার বা মৃত্যুর খবর নেই। আর সিবিআই দফতরও সুরক্ষিত।
সোমবার আরজি করের দুর্নীতি মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে তাঁরা সকলেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে রয়েছেন। আজ তাঁদের আদালতে তোলার কথা। তবে তার আগে এই আগুন লাগার খবর স্বাভাবিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছিল। যদিও সিবিআই আধিকারিকরা সহ বাকিরা অক্ষতই রয়েছে।
আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। সেই সূত্রে আরজি কর হাসপাতালের মর্গ থেকে শুরু করে অধ্যক্ষের দফতরে পৌঁছেছিল সিবিআই। একাধিকবার হাসপাতালে এসে অনুসন্ধান চালায় তাঁরা। সোমবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করতেই তাঁর সঙ্গে আরও তিনজনকে পাকড়াও করেছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, সন্দীপের সঙ্গে এঁরা সকলেই আর্থিক দুর্নীতিতে জড়িয়ে।
এই তিনজন হলেন বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরা। আফসর সন্দীপের নিরাপত্তারক্ষী ছিলেন। বিপ্লবের সংস্থা নানা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। আগেই তাঁর বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। অন্যদিকে সুমন হাজরার ওষুধের দোকানেও তল্লাশি অভিযান চালায় সিবিআই।