
ফাইল চিত্র
শেষ আপডেট: 25 December 2024 00:42
‘ডিসেম্বরের শহরে, ভালবাসা যেন পোর্সেলিন’
শীত একটু গভীর হয়ে ডিসেম্বরে পা দিতেই এমনই একটা গান খুব করে বেজে ওঠে। তাছাড়া জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’। সেই সব সন্ধ্যায় ভালবাসার মানুষটি কাছে থাকলে, তাঁকে আকড়ে ধরে সময় কেটে যায়। কথায় আছে, ডিসেম্বর আসে বছর বিদায়ের প্রতিনিধি হয়ে। কাঁপুনি ধরানো শীতার্ত বাতাসে বিজ্ঞাপন রটে, ‘হারিয়ে যাওয়া’। নতুন সূচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিদায় জানাতে থাকে অতীতকে। কিন্তু কীসের অতীত? এমন শীতে তো বর্তমানেই নিমেষে 'হারিয়ে যাওয়া' যায় সঙ্গীর সঙ্গে। তেমনই আবারও একটা বড়দিন উৎযাপনে প্রেমিক-প্রেমিকার হাত ধরে ভালবাসায় ডুব দিয়েছে।
আসলে শীতের মধ্যেই লুকিয়ে রয়েছে রোম্যান্স। ঠান্ডার মধ্যে উষ্ণতার খোঁজে আপনি যে পথেই হাঁটুন, মন হয়তো অজান্তেই খুঁজে নেবে প্রেম। লাল জোব্বা পরা সান্তা, ক্রিসমাস ট্রি আর আলোর রোশনাইয়ে সেজে উঠছে মহানগরী। সেই সঙ্গে চারিদিকে ভরে গিয়েছে লাল গোলাপে। রবীন্দ্র সদন থেকে পার্কস্ট্রিট, আলোর চাদরে ঢেকেছে। তারইমাঝে কাছের মানুষের হাত ধরে কপালে চুমু দিতে দেখা যাচ্ছে কোনও এক প্রেমিককে। কেউ আবার প্রেমিকার চোখের কাজলে মত্ত। দু'হাতে আলতো করে গাল ছুঁয়ে কানের পাশে চুলটা সরিয়ে দিচ্ছে। তারই মাঝে আবার কেউ হাঁটু গেঁড়ে প্রোপোজ করছে প্রেমিকাকে। এক গাল হাসিতে সেই গোলাপ নিয়েই জড়িয়ে ধরছে।
এক কথায় গোটা শহর এই মুহূর্তে ভালবাসার মরসুমে রয়েছে। রাত বাড়তেই শিশির এসে পড়ছে গোলাপের পাপড়িতে। একটু উষ্ণতার ছোঁয়ায় ভালবাসার মানুষ দু'টো যেন আরও কাছে আসছে একে অপরের। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শৈত্যপ্রবাহও। আসলে বাঙালি যতই শীত কাতুরে হোক না কেন, একটু ঠান্ডা পড়লেই সোয়েটার-কার্ডিগান চাপিয়েই বেরিয়ে পড়ে। আজ হয়তো তেমনই একটা রাত। তাই ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে সঙ্গীর সঙ্গে ডিসেম্বর উপভোগ করুন।
এমন একটা রাতেই তো সঙ্গিনীর হাত ধরে মনে পড়ে সেই ক'টা লাইন —
'আমাদের চোখ এসে ঢেকে দিচ্ছে প্রজাপতি একদল:
বিষণ্ন সন্ধ্যায়, বুকশপে এভাবেই চুমু ও চাবুক—
উঠছে জেগে—সহস্রাব্দ পেরোনো লাল অক্ষরের শোক
কাটিয়ে পাশ, শহুরে হাওয়া ও ধুলায় করছে খলবল'
উৎসবের মরসুমে এমন একটা শীতের রাতে নাহুমের কেক আর বো-ব্যারাকের ওয়াইনের ফাঁকে গা এলিয়ে ঢুকে পড়ুক প্রেম। ব্রডওয়ের ওল্ড মঙ্ক আর ফিশ কাটলেট কিংবা ওলি পাবের বাকার্ডি আর বিফ স্টিকে লেগে থাকুক ভালবাসার স্বাদ। ধীরে ধীরে হাত ধরে ফেলে শক্ত করে, ঠোঁটে ঠোঁট রাখুক ভালবাসা। এই রাত যেন শেষ না হয়। ঠোঁটে ঠোঁট থাক। গোলাপের ছোঁয়া থাক। হাতে হাত রেখে উষ্ণতা জাগুক। এই রাতে ভালবাসায় জাপটে ধরা যাক। ঠোঁটের কোণে লাজুক হাসি থাক। শীত মানে তাই কাছে আসা। শীত মানে তাই একটুখানি উষ্ণতা বিনিময়। শীত মানে ভালোবাসায় ওম! ভাল থেকো, ভালবাসা।